৩৬৫ দিন।পল্লব ঘোষ। শামি, মুকেশের দাপটে ১৪ বছর পর দলীপ ট্রফি ঘরে তুলতে চলেছে পূর্বাঞ্চল। চেন্নাইতে সোমবার দ্বিতীয় দিনে ৭০৮ রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছিলো পূর্বাঞ্চল। মঙ্গলবার তৃতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চল ৬ উইকেটে ২৪২ রান করেছে। পূর্বাঞ্চলের প্রথম ইনিংসের স্কোর থেকে ৪৬৬ রানে পিছিয়ে রয়েছে তারা। ফলে অলৌকিক কোনো কান্ড না হলে দক্ষিণাঞ্চল এর প্রথম ইনিংসে এগিয়ে থাকার কোনরকম সম্ভাবনা নেই বললেই চলে। পূর্বাঞ্চল যদি ফলো অন না দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল বোলারদের ম্যাচ জয়ের জন্য আশ্চর্যজনক কিছু ঘটাতে হবে। এদিন দক্ষিণাঞ্চলের হয়ে রান করলেন দেবদত্ত পাড়িকল ও তিলক ভার্মা। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের সেরা পাড়িকল ৬২ রান করে মুকেশ কুমারের বলে ফ্লিক করে সোজা ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হলেন।
দক্ষিণাঞ্চলের হয়ে লড়াইয়ের জন্য ফর্মে থাকা পাড়িকলের ব্যাট থেকে বড় রান আশা করেছিলো টিম ম্যানেজমেন্ট কিন্তু তা সম্ভব হলো না। অধিনায়ক তিলক ভার্মা ৫৬ রানে অপরাজিত আছেন। ওপেনার রিকি ভুই মাত্র ১ রান করে মুকেশ কুমারের লেগ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড হয়ে ফিরে যান। অপর ওপেনার নারায়ণ জগদীশন সেট হয়ে উইকেট ছুঁড়ে আসলেন। ৩২ রান করে বাঁ হাতি স্পিনার শিখর মোহনের অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। পয়েন্টে ঈশ্বরনকে ক্যাচ দিয়ে ফিরে যান। সেট হয়ে উইকেট হারালেন শেখ রশিদও। ২৭ রান করে শামির ভিতরে ঢুকে আসা বলে লেগ বিফোর হন। স্মরণ রবিচন্দ্রন ২৩ রান করে শামির দ্বিতীয় শিকার হন। বল ব্যাটের কানায় লেগে উইকেট রক্ষক কুশাগ্রর হাতে চলে যায়। ২৬ রান করে কুরেশির বলে কট এন্ড বোল্ড আউট হন শ্রেয়স গোপাল। তিলকের সঙ্গে ক্রিজে আছেন চামা মিলিন্দ। দুই রানে অপরাজিত আছেন তিনি।
শামি, মুকেশের বোলিংয়ে কোণঠাসা দক্ষিণাঞ্চল, ১৪ বছর পর দলীপ ট্রফি জয়ের সামনে পূর্বাঞ্চল
- khabar365din
- September 8, 2026
- 3:57 pm
- No Comments




