কলকাতা লিগের সুপার সিক্সের সূচি প্রকাশ, রাস্তা খোলা দুই প্রধানের সামনেই

৩৬৫ দিন।রোহন রায় চৌধুরী। একদিন আগেই কলকাতা লিগের গুরুত্বহীন ম্যাচে ড্র করেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। তবে নৈতিক জয় অবশ্যই হয়েছিল ইস্টবেঙ্গলের কারণ তারা রিজার্ভ দল খেলিয়েছিল। সেখানে সিনিয়র দলের ৬ জন ফুটবলারকে নামিয়েও জিততে না পারা মোহনবাগানের কাছে হারের সমান। তবে যা হয়ে গেছে হয়ে গেছে। ওই ম্যাচটা নিয়ে আর ভাবতে রাজি নয় দুই পক্ষ। এবার সামনের দিকে তাকাতে হবে দুই প্রধানকে। যেখানে অপেক্ষা করছে কঠিন লড়াই। প্রত্যেকটা ম্যাচের গুরুত্ব এবং ইনটেনসিটি এখান থেকে আরো বাড়বে। গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার কলকাতা লিগে সুপার সিক্সের ম্যাচ শুরু হবে। ১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচ চলবে। দু’টি গ্রুপ থেকে ছ’টি দল যোগ্যতা অর্জন করেছে। এক গ্রুপের দল ম্যাচ খেলবে অন্য গ্রুপের তিনটি দলের সঙ্গে। এ’ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে কোল ইন্ডিয়া, ইউনাইটেড এসসি ও মহামেডান। ‘বি’ গ্রুপ থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও ভবানীপুর। এবার আর গ্রুপ পর্বের পয়েন্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে যুক্ত হবে না। শুধু অন্য গ্রুপের দলগুলোর বিরুদ্ধে খেলতে হবে। তাই আর ডার্বিও দেখা যাবে না। একই দিনে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সবুজ-মেরুন বাহিনীর প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর, কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। দুপুর তিনটে থেকে ম্যাচ হবে মোহনবাগান মাঠে। ওই দিনে একই সময়ে ঘরের মাঠে ইউনাইটেড এসসি’র বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল।মোহনবাগানের পরবর্তী ম্যাচ ইউনাইটেড এসসি’র বিরুদ্ধে। ১৩ সেপ্টেম্বর, দুপুর তিনটে থেকে। তাদের পরের প্রতিপক্ষ মহামেডান। ১৭ সেপ্টেম্বর, দুপুর তিনটে থেকে ম্যাচটি হবে বারাসত স্টেডিয়ামে। অন্যদিকে ইস্টবেঙ্গলের অন্য দু’টি ম্যাচ হল- ১৪ সেপ্টেম্বর মহামেডানের বিরুদ্ধে, বারাসত স্টেডিয়ামে। সময় দুপুর তিনটে। শেষ ম্যাচ- ১৯ সেপ্টেম্বর, কোল ইন্ডিয়ার বিরুদ্ধে দুপুর তিনটে থেকে ইস্টবেঙ্গল মাঠে। ফলে দুই প্রধানের শেষ ম্যাচ একই দিনে হচ্ছে না। যা নিয়ে বিতর্ক হতে পারে। মহামেডানের ম্যাচ- ভবানীপুর (১১ সেপ্টেম্বর, নৈহাটি), ইস্টবেঙ্গল (১৪ সেপ্টেম্বর, বারাসত), মোহনবাগান (১৭ সেপ্টেম্বর, বারাসত)। আইএফএ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ম্যাচই বাতিল করা হবে না। তবে প্রয়োজন অনুযায়ী, ম্যাচের সময় বদলাতে পারে
মোহনবাগানের সূচি:
বনাম কোল ইন্ডিয়া, ১০ সেপ্টেম্বর, মোহনবাগান মাঠ, দুপুর তিনটে
বনাম ইউনাইটেড এসসি, ১৩ সেপ্টেম্বর, মোহনবাগান মাঠ, দুপুর তিনটে
বনাম মহমেডান, ১৭ সেপ্টেম্বর, বারাসত স্টেডিয়াম, দুপুর তিনটে
ইস্টবেঙ্গলের সূচি:
বনাম ইউনাইটেড এসসি, ১০ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল মাঠ, দুপুর তিনটে
বনাম মহামেডান, ১৪ সেপ্টেম্বর, বারাসত স্টেডিয়াম, দুপুর তিনটে
বনাম কোল ইন্ডিয়া, ১৯ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল মাঠ, দুপুর তিনটে
তবে শুধু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল নয় কোল ইন্ডিয়া এবং ভবানীপুর খুব ভালো খেলছে এবারের লিগে। তাই এই দুটো দলকেও ছোট করে দেখা উচিত হবে না। এরাও জান লড়িয়ে দিচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হারানোর কিছু নেই। তাই চাপ নেই। কিন্তু সামনে মুক্ত আকাশ আছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কিন্তু সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো দলের কাছে দর্শকদের প্রত্যাশা বিরাট। এটা এক দিকে তাদের কাছে যেমন মোটিভেট করার মতো ফ্যাক্টর, অন্যদিকে সেভাবেই প্রত্যাশা মেটানোর চাপ। কে কিভাবে সামলায় সেটাই দেখার।

Scroll to Top