৩৬৫ দিন। সুস্মিত মিশ্র। মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ পাচার রুখতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এক বিশাল সাফল্য অর্জন করল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো এক যৌথ অভিযানে জাতীয় সড়কের ওপর থেকে প্রায় ১২২ কেজি বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ওড়িশার এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যজুড়ে ‘নেশামুক্ত ভারত’ গড়ার যে অভিযান চলছে, তারই অঙ্গ হিসেবে জেলাজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং পাঁশকুড়া থানার পুলিশের কাছে একটি সুনির্দিষ্ট গোপন তথ্য আসে। খবর পাওয়া মাত্রই পুলিশের যৌথ টিম ফাঁদ পাতেন পাঁশকুড়া থানা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের (NH-16) ওপর অবস্থিত মহৎপুর ফ্লাইওভারে।ওড়িশার দিক থেকে আসা একটি সন্দেহভাজন সাদা রঙের প্রাইভেট কার (রেজিস্ট্রেশন নম্বর: WB 20 AW 2603) ফ্লাইওভার অতিক্রম করার সময় পুলিশ সেটিকে ঘিরে ফেলে এবং চালককে গাড়ি থামানোর নির্দেশ দেয়। আইনানুগ সমস্ত বিধি মেনে গাড়িটিতে তল্লাশি চালানো হলে পুলিশ আধিকারিকরা চমকে ওঠেন। গাড়িটির ভেতরে অত্যন্ত নিখুঁত ও বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল গাঁজার চালান।




