পেঙ্গুইন প্রত্যাখ্যান, সোনিয়ার বই ছাপবে ‘হারপার কলিন্‌স’

৩৬৫ দিন। ভারতে সনিয়া গাঁধীর আত্মজীবনী প্রকাশ করবে প্রকাশনা সংস্থা ‘হারপার কলিন্‌স’। শুক্রবার ওই সংস্থার তরফেই এ কথা জানানো হয়েছে। সমাজমাধ্যমে একটি পোস্ট করে সনিয়ার ওই আত্মজীবনীকে ‘আমাদের সময়ের অন্যতম প্রতীক্ষিত রাজনৈতিক স্মৃতিকথা’ বলে অভিহিত করেছে হারপার কলিন্‌স।
কয়েক দিন আগেই সনিয়ার আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশ করার সিদ্ধান্ত থেকে সরে আসে আর এক প্রকাশনা সংস্থা ‘পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া’। গত শুক্রবার তাদের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতে তারা বইটি ছাপাচ্ছে না। সনিয়ার আত্মজীবনীর মূল প্রকাশনা সংস্থা আমেরিকার ‘পেঙ্গুইন র‍্যান্ডম হাউস’-এর আলফ্রেড এ নফও অবশ্য আগেই ঘোষণা করেছিলেন যে, বইটি ১০ নভেম্বর প্রকাশিত হবে। কিন্তু তাদের ভারতীয় শাখা গত শুক্রবার জানায়, ভারতে প্রকাশিত সনিয়া আত্মকথন তারা ছাপবে না!
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, সনিয়ার আত্মজীবনীর পাণ্ডুলিপির একটি নির্দিষ্ট অংশের কিছু পরিবর্তন এবং বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল ‘পেঙ্গুইন ইন্ডিয়া’। কিন্তু কংগ্রেস নেত্রী তাতে রাজি না হওয়ায় সরে এসেছে তারা। যদিও তাদের বিবৃতিতে ‘পেঙ্গুইন ইন্ডিয়া’ বলে, ‘‘পাণ্ডুলিপির সম্পাদনাগত পরিবর্তনের প্রশ্নে বই প্রকাশ থেকে সরে আসার যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়।’’ সনিয়ার আত্মজীবনী ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে আসার পরেই ‘পেঙ্গুইন ইন্ডিয়া’-কে নিশানা করেছিল কংগ্রেস। তাদের তরফে অভিযোগ তোলা হয় যে, ওই প্রকাশনাসংস্থা বিক্রি হয়ে গিয়েছে। কংগ্রেস সাংসদ তথা লোকসভায় দলের উপদলনেতা গৌরব গগৈ বলেন, ‘‘আরএসএস-এর (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) উপর লেখা একাধিক বই প্রকাশ করতে আপত্তি নেই পেঙ্গুইন ইন্ডিয়ার। কিন্তু সনিয়ার গাঁধীর আত্মজীবনী প্রকাশ করতে পারছে না।’’ তাঁর অভিযোগ, বিজেপি সরকারের অনেকে ভয় পাচ্ছেন বলে ভারতে এই বই প্রকাশ আটকানোর চেষ্টা করা হচ্ছে।একই সুরে ‘পেঙ্গুইন’-কে কটাক্ষ করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ। তাঁর মতে, ‘‘সনিয়া গাঁধীর মতো বর্ষীয়ান রাজনীতিক কী লিখবেন আর কী লিখবেন না, তা কি প্রকাশকসংস্থা ঠিক করে দেবে?’’ ‘পেঙ্গুইন’-এ এই সিদ্ধান্তের নেপথ্যে কারও ‘চাপ’ রয়েছে কি না, তা নিয়েও সন্দেহপ্রকাশ করেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। একই অভিযোগ তোলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গহলৌত। তাঁর দাবি, পেঙ্গুইন ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে ‘(নরেন্দ্র) মোদী, আরএসএস এবং মোদী আমলে ভারতের ভূখণ্ডে চিনের দখল’— এ ধরনের অংশ বাদ দেওয়া হয়! এর আগেই নিজের আত্মজীবনী প্রকাশের কথা জানিয়ে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘আমার পরিবার নিয়ে অনেক কথা লেখা হয়েছে। খুব কম লেখাই পরিবারের মানবিক অনুভূতি, কাজকর্ম ও উদ্দেশ্য নিয়ে সত্যের কাছাকাছি পৌঁছোতে পেরেছে।’’ ভারতে এই বইপ্রকাশের দায়িত্ব থেকে পেঙ্গুইন ইন্ডিয়া সরে আসার পর ‘সম্ভাব্য প্রকাশক’ হিসেবে কয়েকটি সংস্থার নাম উঠে এসেছিল। শুক্রবার জানা গেল ‘হারপার কলিন্‌স’ সনিয়ার আত্মজীবনী প্রকাশ করছে।

 

Scroll to Top