৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। ভারতবর্ষের যে কটা রাজ্যে ফুটবল জনপ্রিয় তার মধ্যে অন্যতম কেরল। বিজয়ন, আনচেরি, সত্যেন, সালেহ থেকে শুরু করে আজকের দিনের সাহাল, আশিক, রাহুল কেপি, উভেস – তালিকাটা অনেকটাই দীর্ঘ। তাই বাংলার মতো দক্ষিণ ভারতের এই রাজ্যেও ফুটবল পাগলের সংখ্যা প্রচুর তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। যেমন অর্ধেক মানুষ মেসির ভক্ত, বাকি অর্ধেক রোনাল্ডো, নেইমার সব রকম মিলিয়ে মিশিয়ে আছে। ন’বছর একত্রবাসের পর গত মাসে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে পর্তুগালের শহর কাসকাইসে মঙ্গলবার গাঁটছড়া বেঁধেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকাকে মধুচন্দ্রিমার গন্তব্য হিসাবে কেরলকে বেছে নেওয়ার জন্য তারকা যুগলকে আমন্ত্রণ জানিয়েছিল ‘গডস ওন কান্ট্রি’। সিআর৭-এর ‘হানিমুন ডেস্টিনেশন’ কেরল হবে কিনা, এখনও জানা যায়নি। তবে তাঁর দিদি এলমা আভেইরো দক্ষিণী রাজ্যে সফর করেছেন।
কোঝিকোড়ে একটি গয়নার শোরুমে ‘স্পার্কল ডায়মন্ড ফেস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন এলমা। কেরল সফরে এসে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সঙ্গে দেখা করেন। সাক্ষাতের কথা নিজের ইনস্টাগ্রামেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘রোনাল্ডোর জন্য কেরলের মানুষের ভালোবাসা অসীম। এই বার্তা আমি এলমার মাধ্যমে তাঁর কাছে পৌঁছে দিতে চেয়েছি।’মালয়ালি ফুটবলপ্রেমীদের কাছে রোনাল্ডোর জনপ্রিয়তার কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই কথার জবাবে এলমা আশ্বাস দেন, কেরলের মানুষের ভালোবাসার কথা তিনি ভাই রোনাল্ডোর কাছে পৌঁছে দেবেন। সাক্ষাৎকারের শেষেও ছিল উষ্ণতার ছোঁয়া। সৌজন্য বিনিময়ের পর এলমার আবদার, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ছবি তুলতে চান।
হাসিমুখে সেই আবদার মেনে নেন সতীশন। ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়ান দু’জন।গত মাসে সোশাল মিডিয়ায় কেরল ট্যুরিজমের তরফে লেখা হয়েছিল, ‘প্রিয় ক্রিশ্চিয়ানো ও জর্জিনা, মধুচন্দ্রিমার জন্য কেরলকে বেছে নিলে কেমন হয়?’ নেটিজেনরা বলছেন, কেরলের এই প্রস্তাবে ‘হ্যাঁ’ বললে ঠকবেন না তিনি। কারণ কেরলেই রয়েছে মুন্নার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ মিটার উঁচুতে এই শৈলশহরে ‘মেঘ গাভীর মতো চড়ে’। তবে এটা শুধুমাত্র কেরল রাজ্যের পক্ষ থেকে রোনাল্ডোকে একটা বার্তা দেওয়া হয়েছে। তিনি আসবেন কি আসবেন না সেটা সময় বলবে। এলে কেরাল এবং ভারতবর্ষের ফুটবলপ্রেমীদের কাছে একটা অবিস্মরণীয় মুহূর্ত হবে। পেলে থেকে মারাদোনা, ফিগো থেকে মেসি ভারতে এসেছেন এর আগে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসেননি। দেখা যাক কেরলে হানিমুন করতে আসেন কিনা সিআর সেভেন।
ভারতে হানিমুনে আসছেন রোনাল্ডো!
কেরলে দিদি এলমার ঝটিকা সফর
- khabar365din
- September 3, 2026
- 1:38 pm
- No Comments






