৩৬৫। সুমন আদক।অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগে সোমবার হাওড়া পুরসভার ৪ নম্বর বরো অফিসে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন আগে প্রকল্পের জন্য আবেদন করেও এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাঁরা। এদিন ক্ষুব্ধ মহিলারা বরো অফিসে গিয়ে আধিকারিককে ঘিরে নিজেদের ক্ষোভের কথা জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যাঁটরা থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের দাবি, অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজনীয় নথিপত্র-সহ ফর্ম পূরণ করে তাঁরা অনেক আগেই আবেদন করেছিলেন। কিন্তু আবেদন করার পর দীর্ঘ সময় কেটে গেলেও প্রকল্পের টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি। তাঁদের আরও অভিযোগ, তাঁদের পরে আবেদন করা কয়েকজন উপভোক্তাও ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন। অথচ তাঁরা এখনও অপেক্ষায় রয়েছেন। এক বিক্ষোভকারী মাধবী দাসের অভিযোগ, “অনেকদিন আগেই আবেদন করেছি। বারবার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি। শুধু টাকা পাওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু এখনও টাকা হাতে পাইনি।” এদিকে, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জটিলতা তৈরি করা হচ্ছে। মধ্য হাওড়ার বিজেপি নেতা তথা দলের ওই কেন্দ্রের আহ্বায়ক শিবশংকর সাধুখাঁর অভিযোগ, পুরসভা ও বরো অফিসে প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত কিছু ‘তৃণমূল’ কর্মী ইচ্ছাকৃতভাবে আবেদনকারীদের প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন। বিজেপি ও রাজ্য সরকারকে হেয় করতেই এমন ‘চক্রান্ত’ করা হচ্ছে বলে দাবি তাঁর।
যদিও প্রশাসনের তরফে বিক্ষোভকারীদের আশ্বস্ত করা হয়েছে প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য উপভোক্তারা যাতে তাঁদের প্রাপ্য সুবিধা পান তা খতিয়ে দেখা হবে। এদিনের বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য বরো অফিস চত্বরে উত্তেজনা তৈরি হলেও পুলিশের হস্তক্ষেপে শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পর্যন্ত না মেলায় হাওড়ার বরো-৪ অফিসে মহিলাদের বিক্ষোভ
- khabar365din
- August 24, 2026
- 4:22 pm
- No Comments





