৩৬৫ দিন।বালিতে চুরির কিনারা। কলকাতার ট্যাংরা থেকে গ্রেপ্তার দুষ্কৃতি। জানা গেছে, হাওড়ার বালিতে গৃহস্থের বাড়ি থেকে প্রায় ৬-৭ ভরি সোনার গহনা এবং নগদ ৫০ হাজার টাকা চুরির ঘটনার তদন্তে নেমে কলকাতার ট্যাংরা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বালির শান্তিরাম রোডে প্রায় মাসখানেক আগে গত ২৬ জুলাই ওই চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন সন্ধ্যায় বালির শান্তিরাম রোডের বাসিন্দা শৈবাল গুপ্ত সপরিবারে স্থানীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে তাঁরা দেখেন, ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। আলমারি থেকে প্রায় ৬-৭ ভরি সোনার গহনা এবং নগদ ৫০ হাজার টাকা খোয়া যায় বলে তাঁদের অভিযোগ। এদিকে, এই ঘটনার পর তদন্তে নামে পুলিশ। ২৭ জুলাই বালি থানা মামলা শুরু করে। তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং চুরির ধরন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আশপাশের বিভিন্ন থানা এলাকাতেও খোঁজখবর শুরু করে। এরপর অভিযুক্তের সন্ধান মেলে। অভিযান চালিয়ে কলকাতার ট্যাংরা থানা এলাকার বাসিন্দা করিম মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। থানার তদন্তকারী অফিসার খগেন মজুমদার এবং তাঁর সহকারী রবীন্দ্রনাথ রুইয়ের নেতৃত্বেই তদন্তে সাফল্য আসে বলে পুলিশ সূত্রের খবর। এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বালিতে চুরির কিনারা, কলকাতার ট্যাংরা থেকে গ্রেপ্তার দুষ্কৃতি
- khabar365din
- August 20, 2026
- 2:26 pm
- No Comments





