৩৬৫ দিন। কলকাতা বিমানবন্দরকে ব্যবহার করে বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল অত্যন্ত দুর্লভ প্রজাতির মাছ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগ থেকে উদ্ধার হল ৫৫০টি চান্না বার্কা মাছ। বাজারে যার মূল্য কয়েক কোটি টাকা বলে জানা যাচ্ছে।মালয়েশিয়ায় পাঠানোর আগেই মাছগুলিকে বাজেয়াপ্ত করেছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো।জানা গিয়েছে, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক কার্গো বিভাগে চারটি থার্মোকলের বাক্সে করে এই মাছগুলি রাখা হয়েছিল। সেগুলি মালয়েশিয়ায় পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল। ‘অ্যাকোয়া এন্টারপ্রাইজ’-এর প্রোপ্রাইটর হিন্দোল হালদারের নামে ওই চালান বুক করা হয়েছিল বলে তদন্তকারীদের সূত্রে খবর।
চান্না বার্কা মূলত বিদেশি স্নেকহেড ফিশের একটি প্রজাতি।অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য এই ধরনের মাছের চাহিদা রয়েছে। বিশেষ করে আকার ও বৈশিষ্ট্যের কারণে বিরল প্রজাতির স্নেকহেড মাছের আন্তর্জাতিক বাজারে বিপুল দাম রয়েছে।গোপন সূত্রে চালানটির খবর পাওয়ার পরই বিমানবন্দরের কার্গো এলাকায় নজরদারি শুরু করেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। চারটি থার্মোকলের বাক্স খুলে তল্লাশি চালাতেই সামনে আসে বিপুল সংখ্যক জীবন্ত দুর্লভ মাছ। গুনে দেখা যায়, মোট ৫৫০টি চান্না বার্কা রয়েছে।
উদ্ধার হওয়া মাছগুলির মধ্যে বেশ কয়েকটির দৈর্ঘ্য ১০ সেন্টিমিটারের বেশি। এই আকারের একটি মাছের বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানা গিয়েছে। আবার কিছু মাছের দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার পর্যন্ত। সেগুলির এক একটির দাম প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে তদন্তকারীদের অনুমান। সব মিলিয়ে উদ্ধার হওয়া ৫৫০টি মাছের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। কীভাবে এই বিরল প্রজাতির মাছগুলি সংগ্রহ করা হয়েছিল, কোথা থেকে আনা হয়েছিল এবং প্রয়োজনীয় অনুমতি বা নথি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মালয়েশিয়ায় পাঠানোর এই চালানের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দফতর।
কলকাতা বিমানবন্দরে কোটি টাকার দুর্লভ মাছ বাজেয়াপ্ত
মালয়েশিয়ায় পাচারের আগেই আটক ৫৫০ টি চান্না বার্কা
- khabar365din
- August 9, 2026
- 2:37 pm
- No Comments





