গোয়া চলচ্চিত্র উৎসবে এসআরএফটিআই এর ছাত্রছাত্রিরা অংশ গ্রহন করতে পারবেন না

৩৬৫দিন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের জের। নিজস্ব মতামত প্রকাশ করার কোন অধিকার নেই এসআরএফটিআই এর পড়ুয়াদের। তাই কেন্দ্রীয় সরকার পরিচালিত গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার অংশ নিতে পারবে না এসআরএফটিআইয়ের কোনোও পড়ূয়া। এমনকি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আন্তর্জাতিক স্তরে কোন স্বাধীন চলচ্চিত্র উৎসবেও নিজেদের ছবি পাঠাতে পারবেনা, এসআরএফটিআই-এর পড়ুয়ারা।বৃহস্পতিবার এক বিঞ্জপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে, আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের
তরফে শিক্ষক, কর্মী সহ ১২ জন প্রতিনিধি গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন। তবে কোনোও ছাত্র – ছাত্রী এই ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে পারবেন না। শুধু এবার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই নয়, আগামী দিনে কোনোও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অংশ নিতে পারবেন না এসআরএফটিআইয়ের ছাত্র-ছাত্রীরা। চিরাচরিত ধারা বজায় রেখে বিগত বছরগুলোতে ‘সত্যজিৎ রায়
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে’র পড়ুয়ারা গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন।
এই ধরনের চলচ্চিত্র উৎসব থেকে সৃষ্টিশীল ভাবনা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করা যায় বলে পড়ুয়ারা মনে করছেন। সেজন্য প্রতিবারই দেশের অন্যান্য চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের মতোই কলকাতার ফিল্ম ছাত্র -ছাত্রীরা এই চলচ্চিত্র উৎসবে যোগ দেন। বিশেষ করে পেশাদার জগত সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জনের উদ্দেশ্যেই ছাত্র -ছাত্রীরা আগ্রহী হয়ে এই ধরনের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে থাকেন। কিন্তু এবার তার ব্যতিক্রমী ছবি ধরা পড়ল। কেন্দ্রীয় সরকারের দ্বারা আয়োজিত গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এভাবে বঞ্চিত থাকায় দারুণভাবে ক্ষুব্ধ আন্দোলনকারী ছাত্র -ছাত্রীরা। আন্দোলনকারী পড়ুয়ারা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে কর্তৃপক্ষ তাদের ক্ষতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। চলচ্চিত্র জগতের পেশাদার কাজকর্মের সঙ্গে পড়ুয়াদের পরিচয়, ফিল্ম বাজারে ছবি তৈরির পরিকল্পনা, প্রযোজনা, বিপণন, পরিবেশনা এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ ভাবে কাজ করার বিষয়ে জানার সুযোগ থেকে তারা বঞ্চিত হবেন। চলচ্চিত্রের প্রকল্প কী ভাবে তৈরি ও উপস্থাপন করতে হয়, সেই অভিজ্ঞতাও তারা অর্জন করতে বিফল হবেন। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বৈরাচারী সিদ্ধান্ত হিসেবেই ব্যাখ্যা দিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা। এসআরএফটিআই- এর এক পড়ুয়ার কথায়,’আমরা যদি কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন না করতাম, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। কর্তৃপক্ষ চায়না আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হোক।’ ছাত্রীকে ভিডিও করা নিয়ে বিবাদ এসআরএফটিআইয়ের আন্দোলনকারী এক ছাত্রীর ভিডিও করা নিয়ে পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের মধ্যে বচসা বাঁধল। অভিযোগ, এক নিরাপত্তারক্ষী আন্দোলনকারী এক ছাত্রীকে অনুসরণ করে তার ভিডিও করেন। এই খবর প্রকাশ্যে আসতেই, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ছাত্র-ছাত্রীদের তুমুল বচসা হয়। স্টুডেন্টস ইউনিয়ন পুলিশ ও উপাচার্যের কাছে অভিযোগ দায়ের করে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পাশাপাশি স্টুডেন্ট ইউনিয়ন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছে।

Scroll to Top