গেরুয়া রংয়ের পঞ্চায়েত

৩৬৫ দিন।শুভদীপ দে। হুগলি। রাজ্যজুড়ে নীল-সাদার বিদায়, গেরুয়া রঙে শ্রীপুর-বলাগড় পঞ্চায়েত! রং বদল ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে ,
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার হুগলির বলাগড়ে সরকারি ভবনের রং পরিবর্তন ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। শ্রীপুর-বলাগড় গ্রাম পঞ্চায়েত ভবনের পরিচিত নীল-সাদা রং সরিয়ে শুরু হয়েছে গেরুয়া রং করার কাজ। ব্লকের মধ্যে প্রথম কোনও পঞ্চায়েত ভবনের এই রং পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক কৌতূহল। এই উদ্যোগের পিছনে কোনও রাজনৈতিক নির্দেশ বা মন্ত্রীর হস্তক্ষেপ নেই বলেই দাবি বিজেপি নেতৃত্বের। বলাগড় বিধানসভা মণ্ডল-৪-এর সভাপতি দেবাশীষ দেবনাথের দাবি, সরকারি আধিকারিকদের সিদ্ধান্তেই হচ্ছে এই পরিবর্তন। একই বক্তব্য মণ্ডলের সহ-সভাপতি রমেন দেবনাথেরও। তাঁদের অভিযোগ, পূর্বতন সরকারের আমলে টেন্ডার ছাড়াই স্বজনপোষণের মাধ্যমে সরকারি ভবনে নীল-সাদা রং করা হয়েছিল। এবার সরকারি নিয়ম ও গাইডলাইন মেনেই কাজ হচ্ছে বলে তাঁদের দাবি। তবে প্রশ্ন উঠছে, শ্রীপুর-বলাগড়ের পর এবার কি বলাগড়ের অন্যান্য পঞ্চায়েত ভবনেও দেখা যাবে গেরুয়া রঙের ছোঁয়া? সেই দিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

Scroll to Top