সাদ্দামের জোড়া বোয়িং, দাম উঠল ১৭ কোটি

৩৬৫ দিন। দু’টি বোয়িং ৭৪৭ বিমান বিক্রির সিদ্ধান্ত নিল ইরাক। তবে আর পাঁচটি বিমানের মতো নয় এই বিমান দু’টি। শোনা যায়, এই দু’টি বিমানের মধ্যে একটি এক সময় সাদ্দাম হুসেনের সরকার ব্যবহার করত। দীর্ঘ ৩৫ বছর ধরে তিউনিসিয়ার মরুভূমিতে অবস্থিত একটি বিমানবন্দরে পড়ে থাকার পর এ বার বিমান দু’টি বিক্রির পথে ইরাকের পরিবহণ মন্ত্রক। দক্ষিণ তিউনিসিয়ার তোজর-নেফতা আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ‘ইরাকি এয়ারওয়েজ’-এর এই দু’টি বিমান বিক্রি করা হবে। প্রতিটি বিমানের দাম ধরা হয়েছে ৯ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ কোটি ৩৫ লক্ষ টাকা। অর্থাৎ, জোড়া বিমানের মোট মূল্য ধার্য হয়েছে ১৮ লক্ষ ডলার বা প্রায় ১৬ কোটি ৭১ লক্ষ টাকা। গত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই ইরাকের প্রধানমন্ত্রীর দফতর এই বিমান দু’টি বিক্রির অনুমোদন দিয়েছিল।বছরের পর বছর অচল অবস্থায় পড়ে থাকলেও বিমান দু’টির দাম একলাফে অনেকটাই বেড়েছে।
এর আগে ২০২৩ সালে ইরাকি এয়ারওয়েজ প্রতিটি বিমানের দাম চেয়েছিল ৪ লক্ষ ৯৪ হাজার ডলার (৪ কোটি ৫৯ লক্ষ টাকা)। দু’টি বিমানের মিলিত দাম ধরা হয়েছিল ৯ লক্ষ ৮৮ হাজার ডলার (প্রায় ৯ কোটি ১৮ লক্ষ টাকা)। কিন্তু সে বার বিক্রির প্রক্রিয়া সফল হয়নি। এ বার নতুন দর আগের তুলনায় প্রায় ৮২ শতাংশ বেশি ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সাল থেকেই বিমান দু’টি বিক্রি করার জন্য একাধিক বার চেষ্টা চালিয়েছে বাগদাদ। বিক্রির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান দু’টির মধ্যে একটি হল ‘বোয়িং ৭৪৭-২০০’। এর রেজিস্ট্রেশন নম্বর ওয়াইআই-এজিপি। অন্যটি একটি বিরল শ্রেণির ‘বোয়িং ৭৪৭এসপি’, যার রেজিস্ট্রেশন নম্বর ওয়াইআই-এএলএম। দু’টি বিমানই ১৯৮২ সালে তৈরি হয়েছিল। এগুলিতে প্র্যাট অ্যান্ড হুইটনি জেটি৯ডি-৭এফ ইঞ্জিন রয়েছে। ৭৪৭এসপি বিমানটি জাম্বো জেটের একটি ছোট অথচ দূরপাল্লার সংস্করণ। এই ধরনের বিমান খুব কম সংখ্যায় তৈরি হয়েছিল। ১৯৯১ সালের ১ জানুয়ারি তোজর-নেফতা বিমানবন্দরে অবতরণ করেছিল ওয়াইআই-এএলএম বিমানটি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ইরাকি সরকারের ভিআইপি বিমান হিসেবে ব্যবহৃত হত। এর নাম ছিল ‘আল-কাদিসিয়া’। এতে ব্যক্তিগত কক্ষ, বৈঠকের ঘর এবং শোয়ার আসন-সহ লাউঞ্জ ছিল। ১৯৯০ সালের অগস্টে ইরাক কুয়েত আক্রমণ করে। উপসাগরীয় যুদ্ধের আগে, ১৯৯১ সালের জানুয়ারিতে জোটবাহিনীর বিমান হামলা থেকে রক্ষা করতে বিমান দু’টিকে তিউনিসিয়ায় পাঠানো হয়েছিল। পরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কুয়েতের সঙ্গে সম্পত্তি-সংক্রান্ত বিরোধ এবং পার্কিং চার্জের জটিলতায় সেগুলি আর ইরাকে ফেরেনি।বিমান কেনার ক্ষেত্রে বেশ কিছু কড়া শর্তও রেখেছে ইরাক। আগ্রহী ক্রেতাদের প্রথমেই বিমানের মূল্যের ২০ শতাংশ অর্থ আর্থিক গ্যারান্টি হিসেবে জমা দিতে হবে। অর্থাৎ, একটি বিমানের জন্য ১ লক্ষ ৮০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৭ লক্ষ টাকা) এবং দু’টি বিমানের জন্য ৩ লক্ষ ৬০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৩৪ লক্ষ টাকা) জমা রাখতে হবে।

Scroll to Top