দানির চোটে চিন্তা বাড়ল ইস্টবেঙ্গলের, হাবাসের ডার্বি প্ল্যান রেডি

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। লোপেজ হাবাস বরাবর পরিষ্কার এবং সত্যি কথা বলতে ভালোবাসেন। তার জন্য তাকে সবাই পছন্দ করেন এমন নয়। এই যেমন ধরা যাক জর্ডনের আল হোসেনের বিপক্ষে ইস্টবেঙ্গল জিতেছে এবং সেটা ভাগ্যের জোরে মেনে নিয়েছেন লাল হলুদ কোচ। গোল পোস্ট ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেছে এমন বললেও ভুল হবে না। তবে জীবনের মত ফুটবল মাঠেও ভালো খেলার পাশাপাশি লাক অত্যন্ত বড় ব্যাপার। সামনেই হাই-ভোল্টেজ কলকাতা ডার্বি। তার আগে এই জয় যে দলকে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে, তা জানালেন হাবাস। বললেন, ‘হারের ধাক্কা নিয়ে ডার্বি খেলতে নামা আর জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। তাই ডার্বির আগে এই জয় গুরুত্বপূর্ণ। ওটাও কঠিন ম্যাচ। একই রকম তীব্রতা নিয়ে খেলতে হবে।’ তবে ম্যাচ শেষে ফুটবলারদের ক্লান্তি ভাবাচ্ছে কোচকে। ডার্বির আগে দ্রুত প্লেয়ারদের ‘রিকভারি’ করানোই এখন তাঁর প্রধান লক্ষ্য।তবে ডার্বির আগে লাল-হলুদ সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে দানি রামিরেজ়ের চোট। ম্যাচের মাঝে কুঁচকিতে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে এই স্প্যানিশ মিডফিল্ডারকে নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারেননি হাবাসও। বলে গেলেন, এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না, তবে অবস্থা খুব সুবিধার লাগছে না।’ তবে বিকল্প ভেবে রেখেছেন, সেই ইঙ্গিত দিলেন।
ডার্বিতেও জারি থাকবে রোটেশন পলিসি? এই প্রশ্নের উত্তরে হাবাস জানালেন আগামী কয়েকদিন ফুটবলারদের ফিটনেস ও চোটের অবস্থা দেখে তবেই ডার্বির দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তিনি। দানিকে শেষ পর্যন্ত বড় ম্যাচে না খেলাতে পারলে তার জায়গায় কাকে নামাবেন সেটা বলেননি লোপেজ হাবাস। কিন্তু এই তারকাকে ম্যাচের আগের দিন পর্যন্ত চেষ্টা করা হবে অন্তত একটা অর্ধ যাতে মাঠে রাখা যায়। এমনিতেই চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন আনোয়ার এবং এডমুন্ড। এবার মাঝ মাঠের অন্যতম ক্রিয়েটিভ এই বিদেশি না থাকলে মোহনবাগানের বিপক্ষে ইস্টবেঙ্গলের খেলা তৈরি কিছুটা সমস্যা হলেও হতে পারে। যদিও রশিদ আছেন কিন্তু তার খেলার ধরন আর দানির স্টাইল এক নয়। রশিদ বল ধরে আক্রমণ আর ডিফেন্স এর মাঝে ব্যালেন্স মেইনটেইন করেন। সেখানে দানি বিপক্ষ ডিফেন্সকে ড্রিবল করে ভেঙে ফেলার চেষ্টা করেন। তবে লাল হলুদ ম্যানেজারের দায়িত্বে যতক্ষণ হাবাস আছেন এই ম্যাচটা জয়ের জন্য তিনি সব রকম ভাবে চেষ্টা করবেন সেটা বলাই যায়। ডুরান্ড কাপে মোহনবাগানকে ৪-১ হারিয়েছিল ইস্টবেঙ্গল। হ্যাটট্রিক করেছিলেন এডমন্ড। কিন্তু তিনি এখন নেই। তারপর অবশ্য আইএফএ শিল্ডে বাগানের কাছে হেরে গিয়েছিল তারা। এবার দেখার আগামী রবিবার কোন দল বাজিমাত করে। ইস্টবেঙ্গলের ডিফেন্সে সন্দীপ, জয় গুপ্ত এবং লালকে আরও ধারাবাহিক হতে হবে সেটা পরিষ্কার করে দিয়েছে আল হোসেন। সব মিলিয়ে লাল হলুদ শিবির মনে মনে ডার্বির মেজাজে ডুবতে শুরু করেছে।

Scroll to Top