অক্সফোর্ড যেতে বাধা সৌরভকে

৩৬৫ দিন। অক্সফোর্ডে সেমিনারে যোগ দিতে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হল ককরোচ নেতা সৌরভ দাসকে। সৌরভ এই নিয়ে দিল্লি বিমানবন্দর থেকে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি দাবি করছেন, মঙ্গলবার ভোর ৩.৩০ মিনিট নাগাদ তাঁর দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনের বিমান ধরার কথা ছিল কিন্তু ইমিগ্রেসনে তাঁকে আটকে দেওয়া হয়। তাঁকে বলা হয় তিনি লন্ডন যেতে পারবেন না কারণ তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা হয়েছে। অর্থাৎ তাঁর পাসপোর্ট সন্দেহজনক তালিকাভুক্ত। এরপরেই ভিডিও প্রকাশ করে ক্ষোভ উগড়ে দেন তিনি। সৌরভকে বলতে শোনা যায়, ‘একজন শিক্ষিত ছেলে অক্সফোর্ডের একটি অত্যন্ত প্রেস্টিজিয়াস সেমিনারে যোগ দিতে লন্ডন যাচ্ছে তাকে আটকে দেওয়া হচ্ছে। এটা কী ধরণের আচরণ!’ কেন্দ্রের সরকারকে খোঁচা দিয়ে এরপর সৌরভকে বলতে শোনা যায়,’আমি আসলে একটা ভুল করে ফেলেছি। ইস্ আমি যদি নীরব মোদি, বিজয় মালিয়া হতাম। অরুণ জেটলির সঙ্গে বৈঠক করে ওরা যেমন নির্বাধায় দেশ ছাড়তে পেরেছিল আমিও তা পারতাম।’ সৌরভের লন্ডন সফর আটকে যাওয়াতে ক্ষোভ উগড়ে দিয়েছেন ককরোচ প্রধান অভিজিৎ দিপকেও। তিনি বলেন, ‘ক্ষমতার অলিন্দে থাকা কেউ কেউ মনে হয় হিংসে করছে। আসলে ককরোচদের অহিংস আন্দোলনের কথা যাতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য সৌরভকে আটকে দেওয়া হয়েছে।’ যদিও ককরোচদের অভিযোগ মানতে নারাজ বিজেপি। তারা বলছে, প্রশাসন আইন মেনে কাজ করেছে। সৌরভরা আইন ভঙ্গ করে জেলে গিয়েছিলেন তাদের পাসপোর্ট সঙ্গত কারণেই ফ্ল্যাগ করা হয়েছে। ওর যদি কিছু বলার থাকে তাহলে আদালতে যেতে পারেন।

Scroll to Top