তারাশঙ্করের গল্প অবলম্বনে গৌতম হালদারের নাটক আধুলি

৩৬৫ দিন। সৌগত সরকার। সমকালীন বাংলা থিয়েটারের ইতিহাসে যে কজন নাট্যব্যক্তিত্ব মঞ্চকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে জীবনবোধ, লোকঐতিহ্য ও সমকালীন সমাজচেতনার এক জীবন্ত ক্যানভাস হিসেবে গড়ে তুলেছেন, গৌতম হালদার তাঁদের অন্যতম।নয়ে নাটুয়া। এবার তাদের নতুন প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আধলা ও পয়সা অবলম্বনে আধুলি। আগামী ২৬ নভেম্বর অ্যাকাডেমিতে সন্ধ্যা সাড়ে ছটায় গৌতম ও তাঁর নাটুয়াদের আরেক ব্যতিক্রমী প্রযোজনা দেখার সুযোগ পাবে নাট্যপ্রিয় মানুষ। এই প্রসঙ্গে নাট্যকার গৌতম বললেন,তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবনশিল্পী হিসেবে এবং মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক সম্পর্কে তাঁর গভীর অন্তর্দৃষ্টির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের স্বীকৃতি ও প্রশংসা লাভ করেছিলেন। হয়তো এর কারণ, তারাশঙ্করের আগে আর কোনও সাহিত্যিক সমাজের উচ্চবর্গ থেকে শুরু করে সমাজতন্ত্রী, প্রান্তিক, নিম্নবর্গ ও তথাকথিত অন্ত্যজ মানুষদের জীবনকে এত নিবিড়ভাবে দেখেননি। তাঁদের জীবনসংগ্রাম, সমস্যা ও অনুভূতির এত কাছাকাছি পৌঁছে তিনি সেগুলিকে অন্বেষণ করেছিলেন যে, সেই অভিজ্ঞতা হয়তো লেখক তারাশঙ্করের জীবনকেও গভীরভাবে প্রভাবিত করেছিল।আমরা যারা আজও বেঁচে আছি, জন্মলগ্ন থেকেই প্রত্যক্ষ করে চলেছি—অসংখ্য রাজনৈতিক পালাবদল সত্ত্বেও মূল্যবৃদ্ধি, মূল্যহ্রাস এবং নানাবিধ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিকূলতা কীভাবে আমাদের অস্তিত্বকে ক্রমশ যন্ত্রণাদায়ক ও দুর্বিষহ করে তুলেছে। আজও আমরা দেখতে পাই, বাজারে প্রায় প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া। গল্পের সূচনাও এমনই এক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে, যেখানে মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। কিন্তু সেই যন্ত্রণাদায়ক বাস্তবতাকেই লেখক উপস্থাপন করেছেন হাস্যরসের মোড়কে। নয়ে নটুয়ার ব্যতিক্রমী ভাবনা,গৌতমের নেতৃত্ব এবং নাট্য আদর্শ বাংলার আধুনিক নাট্য ইতিহাসে উজ্জ্বলতম স্থাপত্য। মৈমনসিংহ গীতিকা ও জসীমউদ্দীনের সোজন বাদিয়ার ঘাট ছুঁয়ে, শরৎচন্দ্র, মধুসূদনের মেঘনাদবধ কাব্য,বড়দা ও মৃচ্ছকটিকম, বিশ্বসাহিত্যের রূপান্তর দুসরা, ওথেলো, ক্রিয়ন ও অ্যান্টিগোনে এবং শিশুতোষ প্রযোজনা ঠাকুরমার ঝুলিও সুকুমারের আবোল তাবোল,ধ্রুপদী সাহিত্যের বাইরেও মিসড কল বা দুসরা’র মতো নিরীক্ষাধর্মী নাটকও মঞ্চস্থ করেছেন গৌতম।
‘নয়ে নাটুয়া’ নামের মধ্যেই লুকিয়ে আছে দলের মূল দর্শন; অর্থাৎ চিরায়ত নাট্যরীতির শিকড় ছুঁয়ে থেকেও নতুন ভাবনা, নতুন আঙ্গিক এবং নতুন প্রজন্মের হাত ধরে মঞ্চে এক নবজাগরণ ঘটানো।নয়ে নাটুয়ার প্রযোজনাগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বিষয়বস্তুর বৈচিত্র্য ও উপস্থাপনার নিজস্বতা। গৌতম হালদারের নির্দেশনায় এই দল যেমন বাংলার চিরায়ত লোককথা ও পালাগানের আঙ্গিককে আধুনিক মঞ্চে ফিরিয়ে এনেছে, তেমনই সমসাময়িক নাগরিক জীবনের সংকট, সম্পর্কের টানাপোড়েন এবং বিশ্বসাহিত্যের কালজয়ী রচনাকেও অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছে। তাঁর নাটকে সংলাপ, শরীরী ভাষা, আবহসংগীত এবং আলোর ব্যবহার মিলেমিশে এক অনন্য কাব্যিক আবহ তৈরি করে।
আধুলি হাস্যরসে সিক্ত সামাজিক অভিঘাত
‘আধুলি’ নাটকের সূচনা হয় একটি অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে—দেশলাই কাঠির বাজারে আগুন লেগেছে। না, দেশলাই কারখানায় কিংবা দেশলাইয়ের গুদামে আগুন লাগেনি; আগুন লেগেছে দেশলাই কাঠির দামে। আধ পয়সার দেশলাই কাঠির দাম এক লাফে বেড়ে এক পয়সা হয়ে গেছে। অর্থাৎ, এক ধাক্কায় দেশলাই কাঠির দাম দ্বিগুণ হয়ে গিয়েছে।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন, কীভাবে ব্যবসায়ীরা কালোবাজারির সাহায্যে মানুষের দুর্দিনেও মুনাফা লুটে নেয়। সমাজের এমনই এক সংকটময় পরিস্থিতিতে আমরা দেখেছি, যখন সাধারণ মানুষ দু’মুঠো খাবারের জন্য হাহাকার করছে, তখন কিছু মানুষের হাতে অঢেল টাকা এসে যাচ্ছে এবং তারা আরও বেশি অর্থ উপার্জন করছে বলে মনে হচ্ছে। তবে ‘উপার্জন’ শব্দটি এখানে যথার্থ নয়, কারণ তারা উপার্জন করছে না, বরং মুনাফা লুটছে।
এই পরিস্থিতিতে সিগারেট লাইটারের বিক্রি ব্যাপকভাবে বেড়ে যায়। অন্যদিকে, ছোট ব্যবসায়ী ভুলু দত্তের মতো মানুষকে বহন করতে হয় বিপুল ক্ষতির বোঝা। শহরাঞ্চলের মানুষ যখন দেশলাই কাঠির পরিবর্তে সিগারেট লাইটার ব্যবহার করতে শুরু করে, তখন গ্রামাঞ্চলের মানুষ বাধ্য হয়ে আরও পিছিয়ে যায় এবং দেশলাই কাঠির পরিবর্তে চকমকি পাথর ব্যবহার করতে শুরু করে। চকমকি পাথর ব্যবহার করার জন্য প্রয়োজন হয় একটি ইস্পাতের টুকরো, যা তৈরি করে কামার। ফলে স্থানীয় কামার মদনের ব্যবসাও বেশ রমরমিয়ে ওঠে। এভাবেই গ্রামের প্রায় প্রত্যেকেই, এমনকি ভুলু দত্তও চকমকি পাথর সংগ্রহ করতে শুরু করে। একদিন আমাদের কাহিনির নায়ক ভুলু দত্ত একটি অদ্ভুত চকমকি পাথরের সন্ধান পায়। পাথরটি দেখে এবং পরীক্ষা করে তার মনে হয়, এটি হয়তো কোনো মূল্যবান রত্ন, এমনকি হীরেও হতে পারে। আর ঠিক এখান থেকেই শুরু হয় ভুলু দত্তের লোভের কাহিনি। ভুলু ও তার বড় ছেলে মনিরাম পাথরটি বিক্রি করার উদ্দেশ্যে কলকাতায় আসে। তারা তাদের গ্রামেরই পরিচিত রজনীর বাড়িতে পৌঁছয়। কিন্তু সেখানে গিয়ে রজনীকে না পেয়ে তার কেয়ারটেকারের দেখা পায়। কেয়ারটেকার নিজেই মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে এগিয়ে আসে এবং পাথরটি বিক্রি করতে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। পাথরটি বিক্রির আশায় সারাদিন কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ক্লান্ত ও হতাশ হয়ে ভুলু দত্ত এবং কেয়ারটেকার বাড়ি ফিরে আসে। সেই সময় মনিরামের অনুপস্থিতির সুযোগ নিয়ে কেয়ারটেকার ভুলু দত্তকে আবার বিয়ে করার জন্য প্ররোচিত করে। তাদের এই কথোপকথন মরিরামের কানে পৌঁছয়। বাবার পুনরায় বিয়ে করার ইচ্ছায় ক্ষুব্ধ হয়ে ওঠে মনিরাম। একসময় সে নিজের বাবাকে হত্যার চেষ্টা করে। এর ফলে বাবা ও ছেলের সম্পর্কে গভীর ফাটল ধরে।
পরদিন সকালে তারা জানতে পারে, যে পাথরটিকে এতদিন মূল্যবান রত্ন বা হিরে বলে মনে করা হচ্ছিল, সেটি আসলে একটি সাধারণ চকমকি পাথর ছাড়া আর কিছুই নয়। ভাগ্যের এমন আকস্মিক পরিবর্তনে হতাশ ও মর্মাহত বাবা ও ছেলে নিজেদের মধ্যকার বিবাদ ভুলে আবার এক হয়ে যায়। অবশেষে সেই অভিশপ্ত পাথরটিকে পিছনে ফেলে তারা কলকাতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

নাটক। আধুলি
নাট্য ও নির্দেশনা। গৌতম হালদার
মূল কাহিনী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প আধলা ও পয়সা
২৬ নভেম্বর । অ্যাকাডেমি। সন্ধ্যে ৬.৩০

Scroll to Top