৩৬৫ দিন। অশক্ত সেতুতে উঠে পড়েছিল রেলের সরঞ্জাম বোঝাই লরি, তাও আবার একটি নয় তিন-তিনটি। ফল হল মারাত্মক,আড়াআড়ি ভাবে ভেঙে গেল ব্রিজ, লরি গিয়ে পড়ল নিচ দিয়ে বয়ে চলা ঘড়ঘড়িয়া নদীর ক্যানালে। সোমবার সাত সকালে ব্রিজ ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহার দু’নম্বর ব্লকে। কোচবিহার দু’নম্বর ব্লকের আমবাড়ি ও বোকালীর মঠ এলাকার মাঝে ঘড়ঘড়িয়া নদীর ক্যানালের উপর তৈরি সেতুটি ৩০ বছরের পুরনো বলে জানাচ্ছেন স্থানীয়রা। প্রতি দিন কয়েক হাজার মানুষ এই সেতু ব্যবহার করেন। ক্যানালের এপার থেকে ওপার যাওয়ার এই একটিই পাকাপোক্ত রাস্তা ছিল। ফলে এর গুরুত্ব অপরিসীম। সেতু ভেঙে পড়ায় কোচবিহার দুই ব্লকের একটা বড় অঞ্চল এখন বিচ্ছিন্ন। প্রবল অসুবিধায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে সবচেয়ে তাজ্জব ব্যাপার হল একটা ছোট ব্রিজ যেখানে সাধারণত বাইক স্কুটার বা দু একটা ছোট গাড়ি ছাড়া বড় গাড়ি প্রায় ঢোকে না, সেখানে রেলের ভারী মালপত্র নিয়ে তিনটি লরিকে ওই ব্রিজে ওঠার অনুমতি কে দিল! স্থানীয় বাসিন্দারা বলছেন, এক সঙ্গে এত ভার বহন করতে না পেরেই মাঝখান থেকে ব্রিজটি ভেঙে পড়ে। নজরদারি থাকলে এই ঘটনা ঘটে না। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিডিও অফিস সূত্রে জানা যাচ্ছে, ব্রিজ যাতে দ্রুত সারানো যায় তার জন্য তদ্বির করা হচ্ছে যতদিন না সেই মেরামতি শেষ হচ্ছে ততোদিন এখানকার বাসিন্দারা যাতে যাতায়াত করতে পারেন তার জন্য বিকল্প রাস্তা তৈরী করা হচ্ছে।






