নবান্নের কাছে একাধিক গাড়িতে ধাক্কা বেপরোয়া বাসের, আহত ২

খবর ৩৬৫ দিন। সুমন আদক। হাওড়া। অফিস টাইমে নবান্নের কাছে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি বাইক, একটি মারুতি গাড়ি এবং রাস্তার পাশে থাকা সিগন্যাল পোস্টে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি বাস। সোমবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী রাস্তায় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় এক বাইকারোহী ও কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার আহত হন। দুর্ঘটনার জেরে ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার সাঁতরাগাছি থেকে উত্তর ২৪ পরগনার বারাসতের দিকে যাচ্ছিল বাসটি। নবান্নের কাছে একটি বাঁকে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে বাইকে ধাক্কা মারে। এরপর একটি মারুতি গাড়ি এবং রাস্তার পাশে থাকা সিগন্যাল পোস্টেও সজোরে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান ট্রাফিক পুলিশের আধিকারিকরা। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে ব্রেকডাউন ভ্যানের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।

Scroll to Top