হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার

৩৬৫ দিন। জাকির হোসেন। ঢাকা। দেশে ফিরলে শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দেবে বাংলাদেশ সরকার। তবে সেই নিরাপত্তা তাঁকে কোনও রাজনৈতিক ছাড় বা বিচার থেকে রেহাই দেওয়ার জন্য নয়–ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তাঁর সাংবিধানিক ও আইনি অধিকারও পুরোপুরি নিশ্চিত করা হবে বলে স্পষ্ট করেছে তারেক রহমান সরকার।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকায় সরকারের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছেন। তিনি ফিরলে সরকার তাঁর নিরাপত্তা নিশ্চিত করবে এবং বিচারপ্রক্রিয়ার আওতায় আনবে।
জাহেদের কথায়, “তিনি দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার মধ্যেই ফিরবেন। বিচারপ্রক্রিয়ায় তাঁর সমস্ত অধিকার নিশ্চিত করা হবে এবং যা যা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হবে। তার পরে আদালত যে সিদ্ধান্ত দেবে, তা সকলকেই মেনে নিতে হবে।”
ফলে ‘পূর্ণ নিরাপত্তা’র আশ্বাসকে হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য সরকারের সবুজ সঙ্কেত হিসেবে দেখার অবকাশ নেই। জাহেদের ব্যাখ্যা অনুযায়ী, নিরাপত্তার অর্থ হল, দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার সময় তাঁর শারীরিক সুরক্ষা এবং অভিযুক্ত হিসেবে প্রাপ্য আইনি ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পরে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। আন্দোলন দমনে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে পরে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। হাসিনা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বিচারপ্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। ঢাকা তাঁর প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লির কাছে আবেদনও জানিয়েছে।
এ প্রসঙ্গে জাহেদ বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং ঢাকা চায় ভারত সেই চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত পাঠাক। তাঁর বক্তব্য, “আমরা তাঁকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে চাই।” গত ৫ আগস্ট নয়াদিল্লির একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছিলেন হাসিনা। ওই অনুষ্ঠান ঘিরে তীব্র আপত্তি তোলে ঢাকা। ভারত অবশ্য জানায়, অনুষ্ঠানটি একটি বেসরকারি সংবাদমাধ্যমের উদ্যোগে আয়োজিত হয়েছিল; ভারত সরকারের কোনও ভূমিকা ছিল না এবং সেখানে প্রকাশিত বক্তব্যকেও নয়াদিল্লি সমর্থন করে না। নতুন ভিত্তিতে ভারত-সম্পর্ক চায় ঢাকা: হাসিনাকে ঘিরে টানাপড়েনের মধ্যেই ভারতের সঙ্গে সম্পর্ক নতুন ভাবে গড়ে তোলার বার্তাও দিয়েছে তারেক সরকার। জাহেদের বক্তব্য, ভারত-বাংলাদেশ সম্পর্ককে এখন “পুনর্বিন্যাস” করতে হবে। কোনও নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে উঠুক—এটাই চায় ঢাকা। দুই স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতেই ভবিষ্যতের সম্পর্ক এগোনো উচিত বলে তিনি মন্তব্য করেন। এক দিন আগেই ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য “অনুকূল পরিবেশ” তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। হাসিনার প্রত্যর্পণ নিয়ে মতবিরোধ থাকলেও দুই দেশই সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
র-প্রধানের ঢাকা সফর নিয়ে ‘জল্পনার কারণ নেই’: ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক ঢাকা সফর নিয়েও ব্যাখ্যা দিয়েছেন জাহেদ। তাঁর দাবি, এটি দুই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে নিয়মিত যোগাযোগেরই অংশ; এর মধ্যে গোপনীয় কিছু নেই।“র-প্রধানের সফর নিয়ে অনেক জল্পনা হচ্ছে। তিনি ঢাকা এসেছেন এবং তাঁর সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ নিয়ে জল্পনার কোনও কারণ নেই,” বলেন তিনি। বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর কর্মকর্তারাও ভারতে যান বলে উল্লেখ করেন জাহেদ। পরাগ জৈনের নেতৃত্বাধীন চার সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেছে। কূটনৈতিক সূত্র ওই সফরকে “রুটিন” যোগাযোগ বলে বর্ণনা করেছে।
তবে জাহেদ একই সঙ্গে স্পষ্ট করেছেন, হাসিনা সরকারের সময়ে ভারতীয় কোনও সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে যে ধরনের প্রভাব বিস্তার করেছে বলে বর্তমান সরকারের অভিযোগ, ভবিষ্যতে তা গ্রহণযোগ্য হবে না। তাঁর কথায়, নিরাপত্তা নিয়ে দুই দেশের উদ্বেগ থাকলে তা আলোচনার টেবিলেই মেটাতে হবে। হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন থেকে ‘র’-প্রধানের ঢাকা সফর, একই সময়ে দুই ঘটনাকে ঘিরে ভারত-বাংলাদেশ সম্পর্কে চাপ এবং যোগাযোগ, দু’টিরই ছবি স্পষ্ট হচ্ছে। ঢাকা এক দিকে হাসিনাকে ফেরানোর দাবিতে অনড়, অন্য দিকে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ককে নতুন ভিত্তিতে এগিয়ে নেওয়ার কথাও বলছে।

Scroll to Top