পোশাক, ঘড়ি ও অলঙ্কারের ডিজাইনার ব্র্যান্ড ফ্যাশনগুরু পাওলো বুলগারি প্রয়াত

৩৬৫ দিন। বিশ্ববিলাসের মানচিত্রে কিছু নাম শুধু একটি পণ্যের পরিচয় বহন করে না, হয়ে ওঠে একটি স্বতন্ত্র রুচি, জীবনবোধ এবং শিল্পের প্রতীক। ইতালির বুলগারি তেমনই একটি নাম। আর সেই আন্তর্জাতিক আভিজাত্যের অন্যতম প্রধান স্থপতি পাওলো বুলগারি আর নেই। ৮৯ বছর বয়সে তাঁর প্রয়াণে আন্তর্জাতিক অলংকারশিল্প হারাল এক অসামান্য রসজ্ঞ, রত্নবিশারদ এবং সৃজনশীল ব্যক্তিত্বকে। গত ২১ নভেম্বর তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানায় বুলগারি সংস্থা। মৃত্যুর কারণ অবশ্য প্রকাশ করা হয়নি। ১৯৩৭ সালে রোমে জন্ম পাওলোর। তাঁর দাদু সোটিরিও বুলগারি ছিলেন গ্রিসের এপিরাস অঞ্চলের এক রৌপ্যশিল্পী। উনিশ শতকের শেষভাগে গ্রিস ছেড়ে ইতালিতে এসে তিনি রোমে প্রতিষ্ঠা করেছিলেন অলংকারের ব্যবসা। ১৮৮৪ সালে শুরু হওয়া সেই পারিবারিক উদ্যোগই পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিলাসদ্রব্যের জগতে প্রতিষ্ঠা পায় বুলগারি নামে। পাওলোর জীবনের গল্প তাই শুধু উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি প্রতিষ্ঠানের গল্প নয়। বরং একটি পারিবারিক কারুশিল্পকে কীভাবে বিশ্বমানের সৃজনশীল প্রতিষ্ঠানে পরিণত করা যায়, তারও এক অসাধারণ উদাহরণ। ১৯৬০ সালে বাবার সঙ্গে পারিবারিক ব্যবসায় যোগ দেন পাওলো। প্রথম থেকেই তাঁর বিশেষ আগ্রহ ছিল মূল্যবান রত্নপাথরের প্রতি। হিরে, পান্না, নীলা, রুবি কিংবা বিরল রঙের পাথরের গঠন, ঔজ্জ্বল্য, স্বচ্ছতা ও প্রকৃতিগত বৈশিষ্ট্য সম্পর্কে তাঁর জ্ঞান তাঁকে আন্তর্জাতিক অলংকারশিল্পে বিশেষ মর্যাদা এনে দেয়। কিন্তু পাওলোর প্রকৃত কৃতিত্ব ছিল রত্ন চেনার দক্ষতাকে শিল্পের ভাষায় রূপান্তরিত করা।
নকশায় সাহস, রঙে বৈচিত্র্য
বুলগারির অলংকারশৈলীকে অন্যদের থেকে আলাদা করেছিল তার সাহসী নকশা। বিশেষ করে ফরাসি অলংকারশিল্পের প্রচলিত সূক্ষ্ম, সংযত ও কোমল রীতির বাইরে গিয়ে পাওলো প্রতিষ্ঠা করেন এক নতুন নান্দনিকতা। বড় মাপের রঙিন রত্ন, উজ্জ্বল সোনার ব্যবহার, জ্যামিতিক গঠন
এবং একাধিক রঙের অপ্রত্যাশিত সমন্বয় তাঁর নকশার অন্যতম বৈশিষ্ট্য। প্রাচীন রোমের স্থাপত্য, ভাস্কর্য, ইতালির শিল্পঐতিহ্য এবং ভূমধ্যসাগরীয়  তাঁর সৃষ্টির অনুপ্রেরণা হয়ে উঠেছিল। তাঁর কাছে অলংকার কেবল শরীরের সাজ নয়, ছিল ব্যক্তিত্ব প্রকাশের একটি মাধ্যম। একটি পান্নার সঙ্গে নীলকান্তমণি, হিরের সঙ্গে রঙিন পাথর কিংবা হলুদ সোনার সঙ্গে উজ্জ্বল রত্নের মেলবন্ধনে তিনি তৈরি করতেন এমন এক দৃশ্যভাষা, যা এক নজরেই চিনিয়ে দিত বুলগারিকে। এই নকশার সাহসই বুলগারিকে আন্তর্জাতিক বিলাসদ্রব্যের বাজারে স্বতন্ত্র পরিচিতি দেয়।

Scroll to Top