৩৬৫ দিন। গ্রামের এক নাবালিকাকে মনে ধরেছিল, কিন্তু হাজার চেষ্টাতেও সেই নাবালিকাকে বাগে আনা যাচ্ছিল না, কোনও উপায় না দেখে শেষ পর্যন্ত নাবালিকাকে খুনের ছক কষে ক্যানিংয়ের চুনাখালি গ্রামের বাসিন্দা বুদ্ধদেব সর্দার। নাবালিকাকে অপহরণের পর খুন করে দেহ পুঁতে দেয় তারই বাড়ির পিছনের ধান জমিতে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ঘটনায় বুদ্ধদেব ও তার দুই সাগরেদকে দোষী সাব্যস্ত করলেন আলিপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক সৌভিক দে। দোষীরা হল দীপেন কয়াল, বুদ্ধদেব সর্দার এবং প্রতীক সর্দার। বুধবার হবে এই মামলার রায় ঘোষণা। আদালত সূত্রে জানা যাচ্ছে গত বছর জানুয়ারিতে এই ঘটনা ঘটে। ৮ জানুয়ারি আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যায় ১৪ বছরের নাবালিকা। বিস্তর খোঁজাখু্ঁজির পর তার কোনও খোঁজ না পেয়ে নাবালিকার বাবা সাবুরাম সর্দার বাসন্তী থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। নিখোঁজের ১২ দিন পরে ২০ জানুয়ারি বাড়ির পিছনেই গ্রামেরই মিঠুন কয়ালের ধান জমি থেকে উদ্ধার হয়েছিল ওই বালিকার দেহ। তথ্য প্রমাণ খতিয়ে দেখে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে বুদ্ধদেবের ওপর। প্রাথমিক ভাবে সে অভিযোগ অস্বীকার করলেও পুলিশি জেরার মুখে সে ভেঙে পড়ে। পুলিশকে সে যা জানায় তা রীতিমত চমকে দেওয়ার মত। বুদ্ধদেব তার বয়ানে থানায়, বালিকাকে খুনের ছক কষলেও কী ভাবে খুন করবে তা ভেবেই পাচ্ছিল না সে। একা এই কাজ অসম্ভব বুঝে সে দলে টানে দীপেন কয়াল ও প্রতীক সর্দারকে। এরপর প্রায় মাসখানেক ধরে ইন্টারনেটে সার্চ করে খুনের নানা রকম উপায় খোঁজে তারা, কী ভাবে খুনের পর সেফ থাকা, দেহ কী ভাবে লোপাট করা যায়,কোন কোন বিষয়ে সতর্ক থাকলে ধরা পড়ার ভয় প্রায় থাকে না এ সব নিয়ে দীর্ঘ অনুসন্ধান চালায় তারা। যদিও শেষ পর্যন্ত তাদের কৌশল খাটেনি। মাত্র ১৫ দিনের মধ্যেই তিন জন ধরা পড়ে যায়। এদিন সরকারি আইনজীবী জানান, আদালতে তারা তিন জনের কঠোর সাজার দাবী জানিয়েছেন কারণ, মাত্র ১৪ বছরের এক বালিকাকে তুচ্ছ এক কারণে যে ভাবে খুন করা হয়েছে তারপর যে কায়দায় তার দেহ লোপাট করা হয় তার পেছনে তীব্র অপরাধী মাথা কাজ করেছে। দৃষ্টান্তমূলক সাজা না হলে সমাজে ভুল বার্তা যাবে।
ইন্টারনেট দেখে খুন
অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত
- khabar365din
- November 24, 2026
- 2:44 pm
- No Comments






