৩৬৫ দিন। কী কারণে ৭৮ জন বিধায়কের মতামতের ওপর কোনও গুরুত্ব না দিয়ে মাত্র ৫৬ জনের সমর্থনকেই গ্রহণ করে নিলেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস যেভাবে স্বীকৃতি দিয়েছেন সেই প্রক্রিয়ার বৈধতা
নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল আশি বিধানসভা আসনে জেতার কয়েকদিন পরে মমতা ও অভিষেকের নেতৃত্বকে অস্বীকার করে ৫৪ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার জন্য দাবি জানিয়ে স্পিকারের কাছে যে চিঠি দিয়েছিলেন সেই চিঠির বৈধতা নিয়েও প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে প্রবীণ তৃণমূল বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়কে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা করার জন্য তৃণমূলের ৭৮ বিধায়কের সম্মতিপত্র স্পিকারের কাছে জমা পরা সত্ত্বেও তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা পদে স্বীকৃতি দেননি আনুষ্ঠানিকভাবে।
তার পরিবর্তে ৫৪ তৃণমূল বিধায়ক এর সম্মতিপত্র বেশ কিছুদিন পরে জমা পরা সত্ত্বেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে বিরোধী দলনেতা পদে স্বীকৃতি দেন স্পিকার। চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়। টিকার নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করে সুপ্রিম কোর্ট ৩ মাস অপেক্ষা করার পরেও স্পিকার কোন চূড়ান্ত সিদ্ধান্ত
ঘোষণা না করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামলা ফেরত পাঠান কলকাতা হাইকোর্টের কাছে। আজ সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। বিচারপতি পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা এবং স্পিকারের পদক্ষেপ নিয়ে একাধিক অত্যন্ত কঠিন ও তীক্ষ্ণ প্রশ্ন তুলেছেন। গত শুনানিতেই প্রবীণ বিধায়ককে নিয়ে কেন ছেলেখেলা করা হচ্ছে, তা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন বিচারপতি। এরপর সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আরও প্রশ্ন ওঠে। আজ হাইকোর্টে সওয়ালকরতে গিয়ে পশ্চিমবঙ্গের বিল্বদল ভট্টাচার্য তাঁর কাছে
থাকা তথ্য পেশ করে জানান যে মূলত নির্বাচিত বিধায়কদের নিয়েই ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। তিনি আদালতকে বোঝানোর চেষ্টা করেন যে গত ১৫ মে-র আগে স্পিকার বা বিধানসভার অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করায় সমস্ত প্রশাসনিক বা সাংবিধানিক
সিদ্ধান্ত সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা সম্ভব ছিল না। তাঁর মতে, স্পিকারের মতো সাংবিধানিক পদকে সম্পূর্ণ বাইপাস করে বা এড়িয়ে কখনো নতুন বিরোধী দলনেতা নির্বাচন করা আইনগতভাবে সম্ভবপর নয়। তিনি জানান যে ১৫ মে স্পিকার নিজের দায়িত্বভার গ্রহণ করার পর
১৯ থেকে ২৪ মে তারিখের মধ্যে তিনি কলকাতার বাইরে সরকারি কাজে ছিলেন। এএজি আরও জানান যে, গত ৬ মে তারিখের একটি সই করা রেজিলিউশন বা প্রস্তাব ১৯ মে স্পিকারের কাছে পাঠানো হয়েছিল এবং পরবর্তী সময়ে বিরোধী পক্ষের পক্ষ থেকেও স্পিকারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়, যার ভিত্তিতে পরবর্তীতে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হয়।
এএজি-র এই সমস্ত ব্যাখ্যার প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন যে, ২৫ মে থেকে ১ জুন তারিখের দীর্ঘ সময় ধরে স্পিকার কেন সম্পূর্ণ চুপচাপ বসে রইলেন? হঠাৎ করে ৫৪ জন বিধায়ক তাঁর সামনে উপস্থিত হওয়ার পর তিনি কী কারণে ৭৮ জন বিধায়কের মতামতের ওপর কোনও গুরুত্ব না দিয়ে মাত্র ৫৬ জনের সমর্থনকেই গ্রহণ করে নিলেন? আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ ছিল যে স্পিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। ফলে সিদ্ধান্ত নেওয়ার আগে অপর পক্ষের বক্তব্য বা যুক্তি শোনার কোনও আইনি প্রয়োজনীয়তা ছিল কিনা, সেটাই এই মামলার ক্ষেত্রে সবথেকে বড় ও মূল প্রশ্ন হিসেবে সামনে আসছে। বিচারপতি আরও জানতে চান যে গত ৯ মে তারিখে চিঠি পাঠানোর পরও স্পিকার কেন হঠাৎ করে ২৭ মে তারিখে নতুন করে রেজিলিউশন বা প্রস্তাব চেয়ে পাঠালেন? সেটিও কি তবে বিরোধী পক্ষের বক্তব্য বা আপত্তি শোনার পরেই চাওয়া হয়েছিল? এই প্রেক্ষাপটে দল বা পার্টি বলতে আসলে ঠিক কী বোঝানো হয়, সেই নিয়েও প্রশ্ন ওঠে। গণতান্ত্রিক তৃণমূলের এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড তৃণমূল বি শিবির বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে গেল কোন অজানা কারণে। সম্প্রতি সংসদে পাস হওয়া নতুন তথ্য প্রযুক্তি আইন অনুসারে বিদেশি সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির ভারতে নিযুক্ত নোডাল অফিসাররা দেশের কোন সাংবিধানিক সংস্থার কাছ থেকে লিখিত অনুরোধ
পাওয়ার পরে অথবা দেশের কোন তদন্তকারী সংস্থার কাজ থেকে লিখিত অনুরোধ পাওয়ার পরেই সাধারণত এমনভাবে কারো সোশ্যাল মিডিয়া একাউন্ট সাসপেন্ড করার সিদ্ধান্ত গ্রহণ করে। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স একাউন্ট সাসপেন্ড করার সঠিক কারণ প্রকাশ্যে না
এলেও চিফ হুইপ আখরুজ্জামান বলেন, এখনো পর্যন্ত তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মালিকানার জাতীয় নির্বাচন কমিশন কোন দলকে চূড়ান্তভাবে দেননি। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে হয় না। তবে অন্য কারো নির্দেশে যদি এই ঘটনা ঘটে থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করে এফ আই আর দায়ের করব।





