৩৬৫ দিন। চার দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাট থেকে উদ্ধার হল নাবালিকার দেহ। মৃতের পরিবারের অভিযোগ অপহরণ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বনগাঁর বাগদায় বাড়ি ওই নাবালিকার। এখানকার কুলধরপুর এলাকায় শুক্রবার রাতে কালীপুজোর ভাসান চলছিল। রাত ৯ টা নাগাদ বিসর্জন দেখে বাড়ি ফেরে ওই নাবালিকা। রাতে তাকে খেতে ডাকতে গেলে দেখা যায় ঘরে সে নেই। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনও সন্ধান না মেলায় পুলিশে অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার ওই নাবালিকার বাড়ির পাশে বেদনা নদীর ঘাট থেকে নাবালিকার মৃত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত বালিকার পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করে তাকে খুন করা হয়েছে।
পুলিশ সঠিক তদন্ত করলে সত্য সামনে আসবে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কী ভাবে ওই বালিকার মৃত্যু হল তা ময়নাতদন্তের রিপোর্ট না এলে বলা সম্ভব নয়। বালিকার শরীরে বাইরে থেকে বড় কোনো আঘাত দেখা যায়নি। পরিবারের লোকেরা অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন সেই অভিযোগ কতোটা ঠিক তা তদন্ত করে দেখা হচ্ছে। পারিপার্শ্বিক কিছু তথ্য হাতে এসেছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। কোনো সম্ভবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে উল্লেখ্য, কয়েকদিন আগে বাগদার পাশে গাইঘাটাতে বালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল। অভিযুক্ত প্রহ্লাদকে এনকাউন্টার করে পুলিশ। তারা জানিয়েছিল ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রহ্লাদ। পুলিশকে লক্ষ্য করে গুলি করে সে। আত্মরক্ষার্থে পুলিশকে গুলি চালাতে হয়। এই ঘটনার রেশ কাটার আগে এবার বাগদায় নিখোঁজ বালিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
চার দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাট থেকে উদ্ধার হল নাবালিকার দেহ
- khabar365din
- November 17, 2026
- 4:24 pm
- No Comments





