যাত্রা দেখতে যাওয়াই হল কাল! বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার বালিকা

৩৬৫ দিন। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে যাত্রা দেখতে যাওয়াই হল কাল! বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হল বালিকা। প্রেমিকের তিন বন্ধুর সঙ্গে ধর্ষণ করল প্রেমিক-ও। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার কাশীপুর থানার মাজরামুড়ায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতে প্রেমিকের কথায় রাজি হয়ে তার সঙ্গে যাত্রা দেখতে যায় ওই বালিকা। যাত্রা শেষে বাড়ি ফেরার পথে তাকে নির্জন জঙ্গলে নিয়ে যায় প্রেমিক। সেখানে আগে থেকেই তার তিন বন্ধু ছিল।‌ এরপর ওই বালিকাকে সারা ‘রাত ধরে ধর্ষণ করে চার জন মিলে। কোনও রকমে সকালে সেখান থেকে পালিয়ে আসে ওই বালিকা। বাড়ি ফিরে গোটা ঘটনা সে বাড়িতে জানালে পুলিশ তদন্তে নেমে মোট ৬ জনকে আটক করে। তাদের মধ্যে ৪ জনকে পরে গ্রেফতার করা হয়।
অভিযুক্তরা হল সুদীপ মাণ্ডি, রাজেশ মাণ্ডি, সগুন মুর্মু, মেঘনাথ মাণ্ডি, সুশান্ত মাণ্ডি, বিনন্দ সোরেন। সুদীপ মাণ্ডির সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল বলেই খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমের টোপ দিয়ে পরিকল্পনা করে ১৭ বছরের বালিকাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। যে চারজন ধর্ষণ করেছে তাদের সবাইকেই গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের ভুমিকা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরো কেউ যুক্ত কি না তাও‌‌ তদন্ত করে দেখা হচ্ছে। গত ছ’ মাসে রাজ্যে ধর্ষণ বা গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের একাধিক ঘটনা ঘটেছে।‌ পুরুলিয়ার ক্ষেত্রেও তেমন কিছু হবে কি না তার উত্তরে ইঙ্গিতপূর্ণ বক্তব্য সামনে এসেছে। পুলিশের বক্তব্য, নারী নির্যাতনে প্রশাসন জিরো টলারেন্স নিয়ে চলবে। এ ক্ষেত্রে কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সব দিক বিচার করে পুলিশ‌ অত্যন্ত কড়া পদক্ষেপ করবে। তদন্ত এখনো শেষ হয়নি।‌ সব বিষয় সামনে এলে জরুরী পদক্ষেপ করা হবে।

Scroll to Top