সব মিথ্যাচারের পর্দা ফাঁস হল, ‘বিলংগিং – এর আনুষ্ঠানিক প্রকাশে এসে ঘুরিয়ে বিজেপিকে আক্রমণ সোনিয়ার
বিলংগিং- এর মঞ্চে গোটা ইন্ডিয়া, বিরোধী জোট ঐক্যে স্বস্তিতে কংগ্রেস
৩৬৫ দিন। গত সপ্তাহের মঙ্গলবার সামনে এসেছে সোনিয়া গান্ধির আত্মজীবনী ”বিলংগিং : এ জার্নি অফ লাভ” ঠিক এক সপ্তাহের মাথায় সোমবার আনুষ্ঠানিক ভাবে সামনে এল বিলংগিং। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সোনিয়ার বই প্রকাশের মঞ্চ যে জোটবদ্ধ ‘ইন্ডিয়া’র ছবি উঠে এল তা নিঃসন্দেহে কংগ্রেসকে স্বস্তি দেবে। তৃণমূল এ থেকে সমাজবাদী পার্টি, আরজেডি থেকে ন্যাশানাল কনফারেন্স প্রায় সব শরিক উপস্থিত ছিল সোমবারের অনুষ্ঠানে। ছিল কংগ্রেসের সব শীর্ষ নেতা। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা, এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে, বিজেপি নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সহ কংগ্রেসের বহু সিনিয়র নেতা। বই প্রকাশের মঞ্চে কারোর নাম না করলেও প্রথম থেকে কেন তাঁকে আত্মজীবনী লিখছে হল তা বলতে গিয়ে গান্ধি পরিবার নিয়ে নানা সময় বিজেপি যে প্রচার চালায় তার বিরুদ্ধে মুখ খোলেন সোনিয়া। তিনি বলেন, ‘অনেক বছর ধরে অনেক মিথ্যাচার সহ্য করেছি। আমাকে নিয়ে তো বটেই, আমার ছেলে মেয়ে, প্রয়াত স্বামী,শাশুড়িকে নিয়ে নানা সময় নানান মুখোরোচক খবর প্রচার করা হয় যার কোনো সত্যতা নেই। বাস্তব ভিত্তি নেই। এবার বই প্রকাশ করলাম। তাতে আমাদের জীবনের ছোট বড় সব ঘটনা উল্লেখ করেছি। আশা করি এবার আর মিথ্যে প্রচার করে কাদা লাগানো হবে না।’ সোনিয়া যখন প্রথম রাজনীতিতে আসেন তখন তাঁকে ‘বিদেশী বধূ’ বলে প্রচার করেছিল বিজেপি এমন কি কংগ্রেসের অন্দরেও তাঁকে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। একদিকে রাহুল অন্যদিকে প্রিয়াঙ্কাকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সোনিয়া সেই প্রসঙ্গ-ও ছুঁয়ে যান। তিনি বলেন, ‘বিলংগিং কথার অর্থ হল ‘আপনার নিজেরও একটা জায়গা আছে’ (you belong); যখন কেউ পরিযায়ী বা বহিরাগত হন, তখন তাঁর মনে হয় কেউ তাঁকে পছন্দ করছে না এবং সবসময় কেউ যেন তাঁকে নজরে রাখছে। বই নিয়ে আলোচনার সময় তিনি আরও বলেন, “আমি শাশুড়ি মা ইন্দিরা গান্ধীর বড় অনুরাগী ছিলাম; তিনি অত্যন্ত ব্যক্তিত্বময়ী ছিলেন, আমি তাঁকে ভয়ও পেতাম।”





