৩৬৫ দিন। হাওড়ায় গঙ্গার ঘাটে ছটব্রতীদের ভিড় সামলানো এবং উৎসবের দিন যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোই এখন জেলা প্রশাসনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। পুণ্যার্থীদের নিরাপদে গঙ্গায় নামা, নির্বিঘ্নে পুজো সম্পন্ন করা এবং উৎসব শেষে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে এবার আগেভাগেই নিরাপত্তা পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ছট মহাপর্বের আগে সেই ব্যবস্থাপনার বাস্তব চিত্র দেখতে শনিবার জলপথে হাওড়ার একাধিক গঙ্গার ঘাট পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। নাজিরগঞ্জ থেকে ষোলা কোঠী পর্যন্ত লঞ্চে ঘুরে ঘাটগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনে ছিলেন হাওড়ার জেলাশাসক, পুরনিগমের কমিশনার, ইঞ্জিনিয়ার এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ঘাটে পুণ্যার্থীদের প্রবেশ ও বেরনোর পথ, ব্যারিকেডিং, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা এবং জরুরি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়।
পাশাপাশি মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য চেঞ্জিং রুম, বায়ো টয়লেট এবং ঘাটের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও নির্দেশ দেন মন্ত্রী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাজিরগঞ্জ থেকে ঘুসুড়ি পর্যন্ত বিভিন্ন ঘাটে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। কোথাও সিঁড়ি মেরামত, কোথাও পরিকাঠামো সংস্কার, আবার কোথাও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে ঘাটের পরিবেশ। উমেশ রাই বলেন, ছটব্রতী মা-বোন-সহ প্রত্যেক পুণ্যার্থীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সমস্ত স্তরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা মাঠে নেমে কাজ করছেন। রবিবার মুখ্যমন্ত্রী নিজে জলপথে কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করবেন। তার আগে কোনও ঘাটে যাতে প্রস্তুতির ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন। উৎসবের দিন প্রশাসনিক নজরদারি ও পরিষেবার ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন পুর প্রতিমন্ত্রী।






