বিস্ফোরক সোনিয়া
পর্ব ৪

৩৬৫ দিন। রজতশুভ্র চট্টোপাধ্যায়।
১৯৭৮ সাল। কেন্দ্রে ক্ষমতায় মোরারজী দেশাই সরকার। কংগ্রেস প্রায় অস্তিত্বহীন। ১৯ ডিসেম্বর চিকমাগালুরের সাংসদ ইন্দিরা গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ আনা হল। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয় জরুরী অবস্থা জারি করে তিনি সংসদ অবমাননা করেছেন তার পাশাপাশি ইন্দিরার পুত্র সঞ্জয়ের মারুতি কারখানার অনিয়ম নিয়ে সরকারি আধিকারিকরা তদন্ত করতে গেলে তাদের বাধা দেওয়া হয়।ওই দিন নোটিশ‌ পাশ‌ করিয়ে ইন্দিরার সাংসদ পদ বাতিল তো হলোই পাশাপাশি রেজোলিউশন এনে ইন্দিরাকে জেলে পাঠানো হল। ১৯৮০-র লোকসভা ভোটে অবশ্য ফের বিপুল জনসমর্থন নিয়ে কংগ্রেস ক্ষমতায় আসে। পরের বছর সংসদে নেওয়া ইন্দিরার বিরুদ্ধে যাবতীয় রেজোলিউশন বাতিল হয়। ১৯৭৮- এর ১৯ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর, ৮ দিনের জেল জীবন ঠিক কেমন ছিল ইন্দিরার,সেই কাহিনি উঠে এসেছে সোনিয়ার স্মৃতি কথায়।
ডিসেম্বরের শীত, তিহাড় জেলের হিমশীতল কুঠুরি
সোনিয়া লিখছেন, ‘আমি প্রথম যখন তিহাড় জেলে যাই আমার সঙ্গে ইন্দিরার জন্য রান্না করা কিছু খাবার ছিল। জেলের গেটে প্রথমেই এক পুলিশ অফিসার আমাকে আটকান। তল্লাশি হয়।‌ আমার সঙ্গে থাকা খাবার পরীক্ষা করে দেখা হয় তারপর আমাকে ছাড়া হয়। প্রথম দিন আমার আপত্তি বা প্রতিবাদের অনেক জায়গা ছিল যদিও সে সব কিছুই আমি করিনি তাই হয়তো পরের দিনগুলোতে আমায় তেমন হয়রানি হতে হয়নি।’ জেলে কেমন ছিলেন ইন্দিরা সেই প্রসঙ্গ আসতেই সোনিয়া আবেগ তাড়িত হয়ে লিখছেন, ‘তিহাড় জেলের প্রায়ান্ধকর কারাগারে যখন ওঁকে দেখলাম চোখের জল ধরে রাখতে পারিনি।‌ দিল্লির ডিসেম্বরের তীব্র শীতে সম্ভবত সবচেয়ে স্যাঁতস্যাঁতে সেল বরাদ্দ করা হয়েছিল ইন্দিরার জন্য। সেলের ভেতর ছিল একটা লোহার চেয়ার। সিমেন্ট‌ বাঁধানো একটা জায়গায় শুতে দেওয়া হয় তাঁকে। কয়েকটা ধুলো মাখা ছেঁড়া কম্বল দেওয়া হয়েছিল। চাদর , তোষক ছিল না। খাবারের জন্য একটা স্টিলের থালা আর একটা মগ।‌ সবচেয়ে খারাপ ও অশালীন ছিল‌ শৌচাগার।সেলের ভেতরেই একটা কোণে শৌচাগার। তাতে দরজা বা কোনো আব্রু ছিল না। সেল যেন ছিল কালকুঠুরি। একটা দরজা জানলাও ছিল না।’
প্রবল অপমানেও ভাঙেননি ইন্দিরা, কেঁদে ফেলেন রাহুল প্রিয়াঙ্কাকে দেখে
দাপুটে প্রধানমন্ত্রী, দু বছর আগে তাঁর প্রধানমন্ত্রীত্বে পাকিস্তানকে যুদ্ধে মাত দিয়েছে ভারত। অর্ধেক দুনিয়ার আপত্তি চাপ উড়িয়ে ভারতের নতুন প্রতিবেশী বাংলাদেশের জন্মে সবচেয়ে উল্লেখযোগ্য ভুমিকা নিয়েছেন সেই তিনিই রাজনীতির সাপ লুডোয় জেল বন্দি। অন্য কেউ হলে হয়তো ভেঙে পড়তেন। অপমানে মুষড়ে যেতেন কিন্তু তিনি তো ইন্দিরা। তিনি ভাঙবেন কেন তিনিই অন্ধকার জেলে একা বসে নিজেকে আরো শক্ত করবেন তারপর আবার লড়াই করে সবাইকে চমকে দিয়ে ফিরে আসবেন প্রধানমন্ত্রীর আসনে। সোনিয়া তাঁর আত্মকথায় লিখছেন, ‘আমার শাশুড়িকে দেখে যতোই কষ্ট হোক না কেন ওঁকে কখনো ভেঙে পড়তে দেখিনি। কোনো বিষয়ে আপত্তি জানাতেন না বরং তাঁর আশপাশে যে কয়েকজন ছিলেন ওই কারাগারে তাঁদের সঙ্গে দিব্যি মানিয়ে নিয়েছিলেন। ইন্দিরা বলতেন, আমি ভালো আছি।এর চেয়ে ঢের বেশী কষ্ট আমি আগে যখন জেলে ছিলাম পেয়েছি।‌ বাবাকে দেখেছি জেলবন্দি থাকতে। এ সব আমার‌ কাছে নতুন নয়। তবে একদিন মুহূর্তের জন্য ভেঙে পড়েছিলেন লৌহ কঠিন ইন্দিরা।‌ সেদিন তাঁর প্রিয় নাতি নাতনি রাহুল প্রিয়াঙ্কা এসেছিলেন জেলে তাঁর সঙ্গে দেখা করতে। ঠাকুমাকে দেখে তাদের চোখ ভিজেছিল কি না তা লেখেননি সোনিয়া তবে ইন্দিরার আবেগ মিশ্রিত অভিব্যক্তি চোখ এড়ায়নি সোনিয়ার। এক জায়গায় তিনি লিখছেন, ‘ইন্দিরার অভ্যেস ছিল নোট লেখার।‌ সেই সব নোট তিনি বইয়ের ফাঁকে গুঁজে রাখতেন।‌ সেই রকম একটি নোট খুঁজে পাওয়া যায় পরে যেখানে ইন্দিরা লিখেছেন, ১ টা টিফিন বক্স, ১৯৩ টা লোহার রড দিয়ে তৈরী সেল আর তাতে ১১ টা তালা। এই ১৯৩ টা লোহার রডের গারদ আর ১১ টা তালা খুলে বাইরের জগতে ফেরার জন্য মরিয়া ছিলেন ইন্দিরা।‌ একটা করে গারদের রড গুণতেন আর জেদটা আরো চাপতো তাঁর।
বড়দিন,চিকেন রোস্ট, শোভরাজের অষ্ট্রেলিয়ান বান্ধবী
১৯৭৮ সালের ২৫ ডিসেম্বর। মন ভালো ছিল না সোনিয়ার। ইন্দিরা জেলবন্দি।‌ রাজীব উদ্বিগ্ন। সোনিয়া লিখছেন, ‘আগের দিন আমি যখন ইন্দিরার সঙ্গে তিহাড় জেলে দেখা করতে গিয়েছিলাম উনি নির্দেশ দিয়েছিলেন আমার একার জন্য খাবার এনো না।‌ আমাকে চারজন মহিলা‌ গার্ড পাহাড়া দেয় ও পাশের সেলে এক অষ্ট্রেলিয়ান মহিলা বন্দি আছেন তাদের জন্য-ও খাবার এনো।‌ তবে আমি নিজে খাবার নিয়ে তিহাড় জেলে আসি তা চাইতেন না ইন্দিরা। লোক মারফৎ পাঠিয়ে দিতে বলেছিলেন। তবে আমি তা শুনিনি। নিজেই আসি বড়দিনের দিন তিহাড়ে।’ সোনিয়ার কথায়,’আমার এক বন্ধু হ্যাম, স্টাফ পটাটো আর প্লাম কেক পাঠিয়েছিল আমি কয়েক রকম স্যূপ‌ করে নিয়ে জেলে যাই। কিন্তু সমস্যা বাঁধে অষ্ট্রেলিয়ান বন্দিনীকে নিয়ে। তিনি হ্যাম খান না।‌ তড়িঘড়ি ইন্দিরার নির্দেশে বিদেশিনী বন্দির জন্য ব্যবস্থা করা হয় রোস্টেড চিকেন।‌ পরে জানতে পারি ওই মহিলা দেশ বিদেশে একাধিক খুন ধর্ষণে অভিযুক্ত কুখ্যাত চার্লস শোভরাজের মহিলা বন্ধু।’ তিহাড় জেলের নথি বলছে, ১৯৭৬ সালে দিল্লিতে যখন শোভরাজ ধরা পড়েন তাঁর সঙ্গে তার তিন বান্ধবীও ধরা পড়েন।‌ শোভরাজের সঙ্গে এই তিনজনকেও তিহাড় পাঠানো হয়। এই তিনজন ছিলেন, কানাডার নাগরিক মেরি অ্যানড্রে লেকলার্ক, ব্রিটিশ‌ নাগরিক বারবারা স্মিথ ও অষ্ট্রেলিয়ান মেরি এলেন ইথার।‌ সোনিয়া তাঁর আত্মজীবনীতে খুব সম্ভবত ইথারের কথাই লিখেছেন।‌ ১৯৮০ তে ইথার তিহাড় থেকে ছাড়া পান।‌ ৪ বছর পর ১৯৮৪ তে সিডনিতে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।‌ এর ২ বছর পর ১৯৮৬ তে তিহাড় জেল থেকে পালান শোভরাজ।

Scroll to Top