আবার অমিতাভর জলসা উড়িয়ে দেওয়ার মেল

তপন বকসি. মুম্বাই শুক্রবার ৬ নভেম্বর বম্বে হাইকোর্টে পাঠানো একটি ইমেলের মাধ্যমে বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ, ওরলি রেসকোর্স এবং আবারও অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার নতুন হুমকি এসেছে। হুমকি সত্ত্বেও অমিতাভ বচ্চন দশকের পর দশক ধরে চলে আসা তাঁর চিরাচরিত ‘রবিবার দর্শন’ (ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ানো) বন্ধ করেননি। তবে নিরাপত্তার কারণে বড়সড় বদল দেখা গেছে। তিনি জলসার বাইরে ভক্তদের মুখোমুখি হওয়ার সময় একটি উন্নতমানের বুলেটপ্রুফ বা প্রটেক্টিভ কাচের ঘেরাটোপের ভেতর দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার সময় অভিষেক বচ্চন নিজেই উপস্থিত থেকে কড়া নজরদারি তদারকি করেন। শুক্রবার ৬ নভেম্বর ইমেল পাওয়ার পরপরই মুম্বই পুলিশ এবং বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড ‘জলসা’ সহ হুমকিতে উল্লিখিত সমস্ত স্থানে তল্লাশি চালায়। তবে প্রাথমিক তল্লাশিতে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এই ইমেলগুলোর উৎস এবং প্রেরককে শনাক্ত করতে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সাইবার সেল যৌথ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ‘জলসা’-র বাইরে পুলিশের অতিরিক্ত ফোর্স এবং ব্যারিকেড মোতায়েন করে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উল্লেখ করা যেতে পারে, শুক্রবার, ৬ নভেম্বর অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’ লক্ষ্য করে যে ইমেইলটি এসেছে তা অমিতাভকে সরাসরি পাঠানো হয়নি। এবার বম্বে হাইকোর্টে পাঠানো একটি ইমেলের মাধ্যমে এই হুমকি আসে। বম্বে হাইকোর্টে আসা ওই ইমেলে শুধুমাত্র অমিতাভর বাড়ির জলসা-কে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়নি। তার সঙ্গে মুম্বইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও হাই-প্রোফাইল স্থানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্য হিসেবে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’-র নাম উল্লেখ ছিল। ‘জলসা’ ছাড়াও ওই একই তালিকায় বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং মহালক্ষ্মী রেসকোর্সের (ওরলি রেসকোর্স) নাম ছিল।
ইমেলটি পাওয়ার সঙ্গে সঙ্গেই মুম্বই পুলিশ, সাইবার সেল এবং বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড অত্যন্ত তৎপরতার সঙ্গে ‘জলসা’ এবং বাকি সমস্ত জায়গায় ব্যাপক তল্লাশি অভিযান চালায়।

 

Scroll to Top