৩৬৫ দিন। দিদি জামাইবাবুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অঞ্জলি সাউয়ের দেহ, তারপর পেরিয়ে গিয়েছে ২ দিন। তদন্ত যত এগোচ্ছে রহস্যের মেঘ কাটার বদলে তা আরো ঘনীভূত হচ্ছে বলা ভালো পরতে পরতে রহস্য এমন দানা বাঁধছে যে তা পুলিশকেও চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। একটা বিষয়ে পুলিশ নিশ্চিত ঠান্ডা মাথায় ছক কষে অঞ্জলিকে খুন করা হয়েছে। খুন করেছে অতি পরিচিত কেউ এবং সে তদন্ত প্রক্রিয়াকে বিভ্রান্ত করতে নানা রকম প্যাঁচ কষছে।
মৃতার ফোবাইল থেকে হোয়াটস অ্যাপ কল
পুলিশ সূত্রে জানা যাচ্ছে বরাহনগরের লেকপল্লীর ফ্ল্যাট থেকে অঞ্জলির দেহ উদ্ধারের সময় তন্নতন্ন করে ফ্ল্যাটে তার মোবাইল খুঁজেও পাওয়া যায়নি। পরিবারের লোকেরা জানিয়েছিল অঞ্জলি একাধিক সোনার গয়না পড়তেন সে সব কিছুই পাওয়া যায় নি। নগদ বেশ কয়েক হাজার টাকাও খোয়া যায়। অঞ্জলির দাদা যা বলছেন তা চমকে দেওয়ার মত, তিনি দাবি করছেন, মৃত অঞ্জলির ফোন থেকে হোয়াইস অ্যাপে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং সেটা অঞ্জলির দেহ উদ্ধারের পর। বলা হচ্ছে, ‘ আমি তোমাদের মধ্যেই আছি কিন্তু আমাকে ধরতে পারবে না।’ বৃহস্পতিবার সকালে অঞ্জলির মাকেও হোয়াইস অ্যাপ করা হয় অঞ্জলির অ্যাকাউন্ট থেকে। যদিও কোনও করি না বলে কিছুক্ষণ পর সেই কল কেটে দেওয়া হয়। প্রশ্ন হল, মৃত অঞ্জলির ফোন তার হোয়াটস অ্যাপ ব্যবহার করে ফোন করার কারণ কী? আততায়ী কেন তার ফোন নিয়ে গেল? এর উত্তর হতে পারে ফোনে এমন কোনও তথ্য ছিল যাতে আততায়ী ধরা পড়ে যেতে পারত তাই সে ফোন নিয়ে যায় কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না কেন ফোন বা মেসেজ করা হচ্ছে? পুলিশের অনুমান পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। পরিজনদের ওপর মানসিক চাপ বাড়ানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, রাজেন্দ্র শাহু থানায় জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ অঞ্জলির মোবাইল থেকে তাঁর কাছে একটি মেসেজ এসেছিল। তাতে লেখা ছিল, ‘‘হামকো লে যাও। হম ফাঁস গয়ে বারিষমে।” তদন্তকারীদের একাংশ মনে করছে, ওই মেসেজটি যখন অঞ্জলির মোবাইল থেকে এসেছিল, তার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তা হলে তরুণীর মোবাইল থেকে কে মেসেজ করলেন? হত্যার সঙ্গে যিনি যুক্ত, তিনিই কি ওই মেসেজ করেছেন? পরিবারের সদস্যদের বিভ্রান্ত করার জন্যই সেই মেসেজ করা হয়েছিল না কি, নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? পুলিশের একটি সূত্র আবার জানাচ্ছে থানায় অঞ্জলির পরিবার জানিয়েছে সম্প্রতি অনলাইন গেম খেলায় আসক্ত হয়ে পড়েছিল সে। সেই সূত্রে একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। সে অঞ্জলিকে এক বিশেষ সাধনার কথা বলে। এই দিকটিও পুলিশ খতিয়ে দেখছে।
সিসিটিভিতে কার ছবি?
খুনির সন্ধান করতে গিয়েও বার বার ধাক্কা খেতে হচ্ছে পুলিশকে। সূত্রের খবর, লেকপল্লীর যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে সেখানে সিসিটিভি ফুটেজ সীমিত। একটি ফুটেজ দেখে একটি ছেলেকে চিহ্নিত করা গিয়েছে পুলিশের অনুমান এই ছেলেটিই খুনি। কিন্তু প্রশ্ন তার পরিচয় কী? সে কি অঞ্জলির পূর্ব পরিচিত। অঞ্জলির পরিবার জানাচ্ছে একটি ছেলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার হাতেই কি তবে খুন হতে হল অঞ্জলিকে? এবার প্রশ্ন উঠবে কেন খুন? পুলিশের অনুমান সম্পর্কের টানাপোড়েনেই এই খুন হয়ে থাকতে পারে। হয়তো অঞ্জলি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছিল তা মেনে নিতে না পেরে তার প্রেমিক খুন করে। অথবা উল্টোটাও হতে পারে। তার প্রেমিক হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়ায়। এই নিয়ে অশান্তি তার জেরে খুন। দুটি ক্ষেত্রেই তৃতীয় কারোর যুক্ত থাকার সম্ভবনা থেকে যায়। এই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।
কী ভাবে খুন?
পুলিশ সূত্রে জানা যাচ্ছে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে তাতে খুনের দিকেই ইঙ্গিত করা হচ্ছে। রিপোর্টে বলা হচ্ছে অঞ্জলির দেহে একাধিক আঘাত রয়েছে এই আঘাত কারোর সঙ্গে ধস্তাধস্তির জেরে হতে পারে। একাধিক বার তার মাথা দেওয়ালে ঠোকা হয় তার ফলে মাথায় ভেতরে রক্তক্ষরণ হয়। গলায় যে দাগ রয়েছে তা ফাঁস থেকে হতে পারে। এই যাবতীয় তথ্য এক সুতোয় গাঁথলে মোটামুটি যা দাঁড়ায় তা হল লেকপল্লীর ফ্ল্যাটে আততায়ীর সঙ্গে প্রথমে অঞ্জলির কোনও বিষয়ে বিবাদ হয়। সেখান থেকে ধস্তাধস্তি হয় আততায়ী অঞ্জলিকে মারধর করে দেওয়ালে মাথা ঠুকে দেয় তাতে অঞ্জলি সম্ভবত জ্ঞান হারায় মৃত্যু নিশ্চিত করতে এরপর আততায়ী তার গলায় ফাঁস দিয়ে দেয়। তারপর বিষয়টিকে ডাকাতি বলে চালানোর জন্ম অঞ্জলির গায়ে থাকা গয়না ও টাকা এবং ফোন নিয়ে পালায়।






