বন্দুক কি পুলিশ পকেটে ঢুকিয়ে রেখে ঘুরবে!
ধর্ষকদের উদ্দেশে বললেন মুখ্যমন্ত্রী

৩৬৫ দিন। পুলিশ কি বন্দুক পকেটে রেখে ঘুরবে! রায়গঞ্জে পুলিশ এনকাউন্টারের পর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কয়েকদিন আগেই শুভেন্দু জানিয়েছিলেন মহিলাদের ওপর অত্যাচার হলে পুলিশ নিজের মত যে কোনো কড়া পদক্ষেপ নিতে পারে তিনি ঢাল হয়ে দাঁড়াবেন। সোমবার এনকাউন্টারের পর প্রথম প্রতিক্রিয়ায় কার্যত সেই কথার-ই প্রতিফলন শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। সোমবার পূর্ব মেদিনীপুরের দিঘায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতি আয়োজিত কালীপুজোয় প্রতিমা দর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সকলকে উৎসবের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে চতুর্থ ‘এনকাউন্টার’ নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী বলেন, ‘‘পুলিশ তো সব অপরাধীকে গুলি করে না। দু’-তিনটি ক্ষেত্রে পুলিশকে ছাড় দেওয়া আছে। সে জন্য সুপিরিয়রের অনুমতিও নিতে হবে না। ধর্ষক-খুনি, নেশাজাত দ্রব্য পাচারকারী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীর ক্ষেত্রে একদম জ়িরো টলারেন্স।’’তাঁর দাবি, বিজেপিশাসিত অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে তাঁর সরকার। শুভেন্দুর কথায়, ‘‘নেশাভাঙ করা মাফিয়াদের, ধর্ষণকারীদের এবং অনুপ্রবেশকারীদের এ রাজ্যে কোনও স্থান নেই।’’ দিপাবলীতে বস্তারের বক্তৃতা থেকে প্রধানমন্ত্রী মোদি সতর্ক করছিলেন ‘দিমাগি নকশাল’ নিয়ে। সোমবার মুখ্যমন্ত্রীর কথাতেও উঠে আসে ‘দিমাগি নকশাল’ প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘এখনও কেউ কেউ চিমটি কাটার কাজ করছেন। এদের মধ্যে ‘দিমাগি নকশাল’ রয়েছে, জামাতি রয়েছে, জঙ্গি রয়েছে। কমিউনিস্টও রয়েছে। আরশোলা আর ছারপোকা আছে। এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের রাষ্ট্রবাদীদের।’’
শিল্প, কর্মসংস্থানের আশ্বাস
রাজ্যে আইন শৃঙ্খলা কড়া হাতে রক্ষার পাশাপাশি আর্থিক শ্রীবৃদ্ধিতে তাঁর সরকার কী কী পদক্ষেপ করছে তাও তুলে ধরেন তিনি। শুভেন্দু বলেন, আদানি আরোগ্য মন্দির ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি, রিলায়েন্সের ক্যাম্পাকোলা ইউনিটের ভূমিপুজন হতে চলেছে আগামী ১৩ তারিখের পরে। শিল্পপতি জিন্দালদের সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন,“গত বছরের ৯ মে আমি শপথ নিয়েছি। আগামী ২০২৭ সালের ৮ মে-র মধ্যে পুলিশ, শিক্ষক এবং সরকারি কর্মচারী মিলিয়ে ১ লক্ষ মেধাভিত্তিক ও পরিচ্ছন্ন নিয়োগ সম্পন্ন হবে।” মুখ্যমন্ত্রী জানান, দিঘা-শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি বা DSDA-র পরিধি বাড়িয়ে একেবারে উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত করা হয়েছে। তাজপুরের বন্দর প্রসঙ্গে বিগত সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, “তাজপুরের বন্দরের নামে অতীতে শুধু ঢপবাজি হয়েছিল, সরকারের হাতে এক ইঞ্চি জমিও ছিল না।”উদয়পুর থেকে শুরু করে মোট ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে সাজিয়ে তুলতে ট্যুরিজম, ফরেস্ট, ইরিগেশন, পিডব্লিউডি, পরিবহন ও পরিবেশ দফতরকে নিয়ে একটি বিশেষ রূপরেখা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

Scroll to Top