৩৬৫ দিন। মঙ্গলবার বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ১৩ বছরের বালিকা। তারপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। দু’ দিন পর বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের কুলিকের জঙ্গলে মিলল সেই বালিকার দেহ। পরনে ছিল না কোনো পোশাক। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে ওই বালিকাকে। মৃত বালিকার বাবা জানাচ্ছেন, মঙ্গলবার বিকেলে বাড়িতে বলেই সাইকেল নিয়ে বেরিয়েছিল সে। বাড়িতে সে জানিয়েছিল রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে পোশাক আনতে যাচ্ছে সে। সেই শেষ বার তাকে দেখা গিয়েছিল এরপর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় মেয়ের খোঁজে প্রথমে বাড়ির লোকেরাই বেরিয়ে পড়ে।
কিন্তু চেনা পরিচিত কারোর কাছে বালিকার কোনও খবর না পেয়ে মঙ্গলবার রাতে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। পুলিশ-ও খোঁজ খবর শুরু করে কিন্তু বালিকার খোঁজ মেলেনি। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জে কুলিকের জঙ্গল সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার পথে কয়েকজন জঙ্গল থেকে পচা গন্ধ পান। তাদের সন্দেহ হতে কাছে গিয়ে তারা দেখেন বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে একটি মেয়ের মৃতদেহ। তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। দেহ উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয় সেখানকার মর্গে গিয়ে দেহ শনাক্ত করে নাবালিকার পরিবার। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মেয়েটির দেহ যে অবস্থায় ছিল তাতে তারা নিশ্চিত এটি খুনের ঘটনা।






