৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। এসিএল টু তে শেষ ম্যাচে ওমানের দল আল সিবের বিপক্ষে দাপট দেখিয়েও শেষ ১০ মিনিটে দুটো গোল হজম করেছিল ইস্টবেঙ্গল। এবারের মত এশিয়ান পর্যায়ে ইস্টবেঙ্গলের যাত্রা শেষ একথা বললে ভুল বলা হবে না। অসংখ্য গোলের সুযোগ নষ্ট করলে ফুটবল ম্যাচ জেতা যায় না সেটা প্রমাণ হয়েছিল যুবভারতীতে। তাই এখন আর পেছন ফিরে লাভ নেই। সামনে একটাই টার্গেট, ইন্ডিয়ান সুপার লিগ জয়। ইস্টবেঙ্গল গতবারের চ্যাম্পিয়ন দল। যদিও হাফ লিগ খেলা হয়েছিল গতবার তবুও তাতে তাদের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইকে ছোট করে দেখার জায়গা নেই। আর এটাও ঠিক কথা এই মুহূর্তে ইস্টবেঙ্গল ভারতের যেকোনও দলের থেকে ভালো ফুটবল খেলছে। এবারের লিগে দুটো ম্যাচ খেলেছে লাল হলুদ। দুটোই জিতেছে। টেবিলে ছটি পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে।
অন্যদিকে চেন্নাই আছে ১২ নম্বরে। দুটি ড্র করেছে এবং দুটি হেরেছে। স্বাভাবিকভাবেই এই ম্যাচে ইস্টবেঙ্গল ফেভারিট সেটাই মনে হয়। কিন্তু একটা অসুবিধে রয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। চোটের কারনে প্রায় দু সপ্তাহ বাইরে চলে গিয়েছেন আনোয়ার। আনোয়ার না থাকায় লাল হলুদ ডিফেন্সের অসুবিধে বেড়ে গিয়েছে সেটা বলা যায়। কারণ ইস্টবেঙ্গল ডিফেন্সে আনোয়ার নেতৃত্ব দেওয়ার খেলোয়াড়। তার না থাকা অবশ্যই একটা বড় ধাক্কা। তবে চেন্নাই উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে লাল হলুদ কোচ হাবাস এবং ডিফেন্সের ক্রোয়েশিয়ান তারকা দিয়েগো বলে গেলেন, আনোয়ার নিয়ে তারা ভাবছেন না। যারা আছে তাদের নিয়েই লড়তে হবে চেন্নাইয়ের মাঠে। সেন্টার ব্যাক হিসেবে দিয়েগো এবং সন্দীপ মান্ডি খেলবেন। লাল এবং জয় গুপ্ত দুদিকে থাকবেন। পরে আসতে পারেন হার্দিক ভাট। ইস্টবেঙ্গল শিবির মনে করছে চেন্নাইকে ছোট করে দেখার জায়গা নেই। মোহনবাগানের বিপক্ষে তারা কলকাতায় দুর্দান্ত লড়াই করে মাত্র এক গোলে হেরেছিল। এবার খেলবে নিজেদের মাঠে। তাই লড়াই হবে। তবে বিপিন, রশিদ, লোবা, লুকাস, রোহিত নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে জয় পেতে সমস্যা হওয়ার কথা নয় লাল হলুদের। তবুও সতর্ক থাকছে হাবাস ব্রিগেড। জিকসন একা একা প্র্যাকটিস করেছেন। তবে সম্ভবত তার খেলতে অসুবিধা হবে না। ইস্টবেঙ্গল চেষ্টা করবে যত তাড়াতাড়ি কমপক্ষে দুটো গোল করে ম্যাচে এগিয়ে যেতে। তারপর বাকি সময়টা ডিফেন্স শক্ত রেখে তিনটি পয়েন্ট নিয়ে কলকাতায় ফেরাই আসল টার্গেট। সেট পিস কাজে লাগিয়ে কিভাবে গোল তুলে নেওয়া যায় সেটাও দীর্ঘক্ষণ ছেলেদের দেখালেন লোপেজ হাবাস। বেশ কয়েকটা ভ্যারিয়েশন দেখা গেল। এই ম্যাচে সম্ভবত ব্যবহার করা হতে পারে অস্ট্রেলিয়ান ক্রিসকে। সব মিলিয়ে জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে চেন্নাই যাচ্ছে ইস্টবেঙ্গল। পা মাটিতেই রয়েছে গতবারের চ্যাম্পিয়নদের।
ইস্টবেঙ্গলের সামনে চেন্নাই, আনোয়ারকে ছাড়াই ৩ পয়েন্ট লক্ষ্য হাবাসের
- khabar365din
- November 6, 2026
- 2:41 pm
- No Comments






