সুহেল ভাটের জোড়া গোল সাফে পাক বধ ভারতের

ভারত – ৩
(সুহেল -২, কিপজেন)
পাকিস্তান – ২
(নবি, আলমগির)

৩৬৫ দিন। রোহণ রায় চৌধুরী। এই মুহূর্তে ভারতের সিনিয়র জাতীয় ফুটবল দল নিউজিল্যান্ড সফর নিয়ে ব্যস্ত। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত সাফ কাপে এবছর ভারত দল পাঠাবে কিনা সেটাই অনিশ্চিত ছিল বেশ কয়েকদিন ধরে। তারপর একটা অনূর্ধ্ব ২৩ দল বলতে গেলে পাঠিয়েছে ভারত। কয়েকজন আইএসএল খেলা অভিজ্ঞ প্লেয়ার অবশ্য আছে, কিন্তু সংখ্যায় কম। বৃহস্পতিবার ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে ভারত পাকিস্তানকে ৩-২ হারিয়ে যাত্রা শুরু করল। দুটো গোল করলেন সুহেল, একটি কিপজেনের। প্রথম থেকেই দাপট ছিল ভারতীয় দলের। ৩০ মিনিটের মধ্যে তিনটে গোল হয়ে গেল। পাকিস্তান দাঁড়াতেই পারছিল না ভারতের সামনে।
ভারতের পক্ষে নফল, মোঃ সোহেল, অভিষেক সূর্যবংশী, উবেস এবং রক্ষণের নেতা বিজয় দুর্দান্ত ফুটবল খেলছিলেন। যেমন ইচ্ছে তেমন খেলাটা নিয়ন্ত্রণ করছিল ভারত। ভারতের কোচ নওশাদ মুসা জানিয়েছিলেন তার ছেলেরা নিজেদের সেরাটা দিয়েই পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। সেটাই করছিল ভারত। সেকেন্ড হাফ শুরু হওয়ার কিছুক্ষণ পর দুটো পরিবর্তন করে ভারত। ফারুক চৌধুরী এবং জেসুদাসকে নামানো হয়। সহজ সুযোগ না মিস করলে মোহনবাগান স্ট্রাইকার সুহেলের হয়তো হ্যাটট্রিক হয়ে যেত। সহজ সুযোগ মিস করেছেন পরে নামা এডিসন সিং। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী এবং ডিফেন্সিভ হয়ে যায় ভারত সত্তর মিনিটের পর। এই সুযোগটা কাজে লাগিয়ে শেষ ১০ মিনিটে দুটো গোল পেয়ে যায় পাকিস্তান। বাঁদিক থেকে ভেসে আসা একটা বলে হেড দিয়ে গোল করেন পাকিস্তানের আদিল নবি। ভারতের ২ ডিফেন্ডার দাঁড়িয়ে দেখলেন একই লাইনে। এক্ষেত্রে ভারতের গোলরক্ষক আর্শ আনোয়ারের কিছুই করার ছিল না। দ্বিতীয় গোলটা হল সেটায় অবশ্য ভারতীয় গোলরক্ষকের কিছুটা দায় আছে। সময় মত বলটা সঠিকভাবে ফলো করেননি তিনি। তবে বিজয়েরও কভারিং করা হয়নি ঠিক মতো। ম্যাচ শেষে দেখা যাচ্ছিল সেটাই বিজয়ের সঙ্গে আলোচনা করছেন ভারতের সহকারী কোচ ফার্নান্ডেজ। ভারতের কোচ মুসা ম্যাচ শেষে বললেন, আমরা জিতেছি এটা বড় ব্যাপার। একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন। তবে আমরা যে দাপট নিয়ে খেলেছি তাতে দুটো গোল খাওয়া উচিত হয়নি আমাদের। তবে এটা নিয়ে আমরা অনুশীলনে পরিশ্রম করব এবং দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের ভুল শুধরে নেব।

Scroll to Top