নৈহাটির বড়মা’র কালীপুজোয় থাকবে না ভিআইপি পাস

৩৬৫ দিন। রাজ্যের মানুষ যখন ব্যস্ত লক্ষ্মীপুজোয়, তখন নৈহাটির মানুষ মেতে উঠল বড়মা’র কালীপুজোর কাঠামো পুজোয়৷ রবিবার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মন্ত্রী জানান, তৃণমূল আমলের মতো কালীপুজোর বিশেষ দিনে বড়মার পুজোয় কোনওরকম ভিআইপি ব্যবস্থা থাকবে না। মন্ত্রী অর্জুন সিং বলেন, ‘কোনও ভিআইপি কালচার থাকবে না বড়মার মন্দিরে ৷ এবার সবাই সমানভাবে মন্দিরে পুজো দিতে উপস্থিত হতে পারবে। আমরাও আজ মায়ের কাঠামোর পুজো দেখলাম ৷ সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়েই সেটা দর্শন করলাম। মায়ের কাছে কেউ ভিআইপি হয় না। সবাই সমান। আগের সরকার কী করে গিয়েছে সেটা আমাদের আর দেখে দরকার নেই।’
সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন বড়মা’র মন্দির এবং গঙ্গার ঘাট ঘুরে দেখেন পরিবহণমন্ত্রী। অর্জুন সিং জানান, এই মন্দিরকে ঘিরে সারা দেশ জুড়ে আলোরণ তৈরি হয়েছে৷ তাই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। অরবিন্দ রোড সংলগ্ন গঙ্গার ঘাটে বড় মায়ের বিসর্জন সম্পন্ন হয়। মূর্তি যেহেতু বড় থাকে তাই সেই দিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। এদিন মন্ত্রী অর্জুন সিং অন্যান্য সাধারণ ভক্তদের মতোই মায়ের কাঠামো পুজোয় অংশ না নিলেও বাঁশ দিয়ে ঘেরা মায়ের পুজোর স্থলের বাইরে দাঁড়িয়েই আরতি সারেন এবং পুজো দেখেন। প্রসঙ্গত, প্রতিবছরের মতোই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন নৈহাটির বিখ্যাত বড়মার পুজোর কাঠামো ও খুঁটি পুজো সম্পন্ন হয়। পরে মন্ত্রী অর্জুন সিং জানান, নৈহাটির ফেরিঘাটে পরিবহণ দফতর ৯ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী দিনে এই ঘাটকে সাজিয়ে তোলা হবে।

Scroll to Top