শ্রাদ্ধের কাজে এসে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর, ঘণ্টার পর ঘণ্টা ডুবুরি না আসায় ক্ষোভ নবদ্বীপে

৩৬৫ দিন। বিশ্বজিৎ ব্যানার্জি। নদীয়া। নবদ্বীপের ভাগীরথী নদীর বড়াল ঘাটে জেঠুর শ্রাদ্ধের বার্ষিক কাজে এসে জলে তলিয়ে গেল ১৫ বছরের এক কিশোর। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটে নবদ্বীপ থানার অন্তর্গত বড়াল ঘাটে। নিখোঁজ কিশোরের নাম সুজিত সাহা (১৫)। সে কৃষ্ণনগর শহরের বৌবাজার এলাকার অরবিন্দ রোডের বাসিন্দা তথা ব্যবসায়ী প্রদীপ সাহার ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জেঠুর শ্রাদ্ধের বার্ষিক কাজের জন্য পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কৃষ্ণনগর থেকে নবদ্বীপের বড়াল ঘাটে এসেছিল সুজিত। পুজো ও আচার শেষের পর ভাগীরথী নদীতে স্নান করতে নামে সে। স্নান করার সময় আকস্মিকভাবেই সে নদীর গভীর জলে তলিয়ে যায়। ঘটনার আচমকা প্রকাশে ঘাটে উপস্থিত পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের সদস্যদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ও ঘাটের মাঝিরা তৎক্ষণাৎ সুজিতকে উদ্ধারের চেষ্টা চালান এবং দ্রুত পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেন।
তবে অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি বা বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য না পৌঁছানোয় চরম ক্ষোভের সৃষ্টি হয়। বেলা গড়ালেও উদ্ধারকাজ শুরু না হওয়ায় নিখোঁজ কিশোরের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। তাঁদের দাবি, দ্রুত ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করলে কিশোরের সন্ধান পাওয়ার সম্ভাবনা থাকত। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর, বেলা ১টা নাগাদ উদ্ধারকারী দল ও ডুবুরি এসে ভাগীরথীর জলে তল্লাশি অভিযান শুরু করে।দুর্গাপুজোর আবহেই এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় পুরো কৃষ্ণনগর বৌবাজার ও নবদ্বীপ ঘাট এলাকায় শোকের ছায়া ও তীব্র চাঞ্চল্য নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভাগীরথী নদীতে কিশোরের খোঁজে তল্লাশি চলছে।

Scroll to Top