বালিতে গৃহস্থ বাড়িতে বড়সড় চুরি, জানলার রড কেটে ৫ লক্ষ টাকা নগদ সহ গয়না লুট

৩৬৫ দিন। পুজোর মুখে হাওড়ার বালিতে বাড়ির জানলার রড কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১৩ নম্বর পদ্মবাবু রোডের মাতৃকুটি ভবনের দোতলায় ওই চুরির ঘটনা ঘটে। অভিযোগ, সোমবার রাতে বাড়ির মালিক বাইরে থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা দোতলার দুটি ঘরের জানলার রড কেটে ভিতরে ঢোকে। এরপর ঘরের আলমারি, ড্রেসিং টেবিল ও লকার ভেঙে নগদ প্রায় ৫ লক্ষ টাকা, সোনা-রুপোর গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা দোতলার ঘরে ঢুকে প্রথমে ভাঙাচোরা অবস্থা দেখতে পান। ঘরের দুটি তালা ভাঙা ছিল। আলমারি ও অন্যান্য আসবাবপত্রের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকায় চুরির বিষয়টি স্পষ্ট হয়। পরিবারের তরফে খবর দেওয়া হয় বালি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বাড়িতে একাধিক সদস্য থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা জানলার রড কেটে ভিতরে ঢুকে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে চুরি করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের প্রাথমিক তদন্তে দুষ্কৃতীরা বাড়ির গতিবিধি সম্পর্কে আগে থেকে কোনও তথ্য জানত কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের গতিবিধি শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি চুরি যাওয়া টাকা ও গয়নারও সন্ধান চালানো হচ্ছে। পুজোর মুখে জনবহুল এলাকায় বাড়িতে ঢুকে এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Scroll to Top