আপডেট নিতেই ফোন অফ্। চালু করতেই গায়েব ১ লাখ! অভিনব সাইবার প্রতারণা বর্ধমানের ভাতারে

৩৬৫ দিন। আপডেট নিতেই ফোন অফ্। চালু করতেই গায়েব ১ লাখ! অভিনব সাইবার প্রতারণা বর্ধমানের ভাতারে। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভুমশোর গ্রামের বাসিন্দা শেখ রাজেশ। স্থানীয় একটি বেসরকারি ব্যাঙ্কে তার একটি অ্যাকাউন্ট রয়েছে। রাজেশের দাবি, ঘটনার সূত্রপাত শনিবার। ওই দিন বেশ কয়েকবার তার মোবাইল ফোনটি নিজে থেকেই আপডেট নেয়। আপডেট নেওয়ার সময় ফোন অফ হয়ে যাওয়া অস্বাভাবিক নয় তাই বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তিনি। রবিবার বিশেষ কাজে কলকাতা গিয়েছিলেন ফেরার সময় তিনি দেখেন তার ফোনটি ফের আপডেট নিচ্ছে। এবার তার সন্দেহ হয়। শনিবার আপডেট হয়েছে ফোন তারপরের দিন-ই ফের আপডেট হওয়া তার অস্বাভাবিক ঠেকে। মিনিট পাঁচেক অফ থাকার পর ফোন ফের চালু হয়ে যায়।
রাতে তার কাছে মেসেজ আসে অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজারের কিছু বেশী টাকা তোলা হয়েছে। মাথায় বাজ পড়ে রাজেশের। সোমবার সকালেই ব্যাঙ্কে ছোটেন তিনি। সেখানে জানতে পারেন সত্যিই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ব্যাঙ্কের পরামর্শেই তিনি থানায় অভিযোগ জানান। কেস পাঠানো হয় সাইবার ক্রাইম বিভাগে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তদন্ত শুরু হলেও এখনো এই ঘটনার পেছনে কারা রয়েছে তা বের করা যায়নি। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এটা অভিনব প্রতারণা। ওটিপি না দিলেও বিশেষ পদ্ধতির মাধ্যমে ফোন হ্যাক করে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। ফোন আপডেট দেখালেও আসলে ওই আপডেটের মোড়কে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে তার পর সেই তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হচ্ছে। এই প্রতারণায় এতো উন্নতমানের সফট ওয়ার ব্যবহার করা হচ্ছে যে চট করে কেউ ধরতেই পারবে না যে সে প্রতারণার স্বীকার হতে চলেছে। এর থেকে বাঁচার উপায় হল ফোনের যাবতীয় অটো আপডেট বন্ধ করে রাখতে হবে। লোকেশন অন রাখা যাবে না। অজানা কোনও নম্বর থেকে ফোন এলে ধরা যাবে না। হোয়াটসঅ্যাপ বা টেক্সটে কোনও লিঙ্ক এলে তাতে ক্লিক করা যাবে না, অচেনা কোনো ব্যক্তিকে ফোন ব্যবহার করতে দেওয়া যাবে না।

Scroll to Top