৩১ ডিসেম্বরের মধ্যে সর্বত্র জল না পৌঁছলে ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড

৩৬৫ দিন। দুর্গাপুর ‘জল জীবন মিশন’ প্রকল্পের কাজে আমি খুশি নই। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা দিতে না পারলে সংশ্লিষ্ট ঠিকাদারদের ব্ল্যাকলিস্টেড করা হবে। পশ্চিম বর্ধমানের প্রশাসনিক সমন্বয় বৈঠক শেষে এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, জল জীবন মিশনের রিপোর্টে প্রায় ২ লক্ষ ৯৪ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু বিধায়করা জানিয়েছেন, বাস্তবে বহু বাড়িতে এখনও জল পৌঁছয়নি। সরকারি রিপোর্টের সঙ্গে বাস্তব পরিস্থিতির বিস্তর ফারাক রয়েছে । সংশ্লিষ্ট ঠিকাদারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে পরিষেবা দিতে না পারলে তাঁদের ব্ল্যাকলিস্টেড করা হবে। পশ্চিম বর্ধমান জেলার শিল্প ও পরিকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে এ দিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে একাধিক মন্ত্রী, মুখ্যসচিবসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিম বর্ধমান শুধু বাংলার নয়, গোটা দেশের শিল্পক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেল, ইস্কোসহ একাধিক বড় শিল্প প্রতিষ্ঠান এই জেলায় রয়েছে। তাই জেলার উন্নয়নে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত সংস্থাকে একযোগে কাজ করতে হবে। বৈঠকে উন্নয়নের অগ্রাধিকারও স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রথম অগ্রাধিকার কর্মসংস্থান।
দ্বিতীয় অগ্রাধিকার শিল্পের স্বাভাবিক কাজকর্ম ও কাজের পরিবেশ বজায় রাখা। তৃতীয়ত, নতুন পরিকাঠামো তৈরি এবং চতুর্থত, পরিবেশ রক্ষা ও সবুজায়ণ। পাশাপাশি সিন্ডিকেট, কাটমানি, কয়লা মাফিয়া ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, গত ছয় মাস ধরে এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ ও সিআইএসএফের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপরেও জোর দেওয়া হয়েছে। অমৃত প্রকল্পের অগ্রগতি নিয়ে মোটের উপর সন্তোষ প্রকাশ করা হলেও তিনটি দরপত্র এখনও চূড়ান্ত না হওয়ায় অসন্তোষ মুখ্যমন্ত্রী। কেন দরপত্রগুলি চূড়ান্ত হচ্ছে না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। সমস্যার সমাধান করে পুরসভা ও নগর নিগম এলাকায় নাগরিক পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুর-আসানসোলের মাঝে সুপার স্পেশালিটি হাসপাতাল জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার জন্য রাজ্যের তরফে অনাপত্তি সনদ দেওয়া হলেও কর্তৃপক্ষ তাদের সীমাবদ্ধতার কথা জানিয়েছে। জরুরি রোগীদের চিকিৎসা করা হলেও সাধারণত ইএসআই কার্ডধারীদের বাইরে অন্য রোগীদের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে উন্নত চিকিৎসার জন্য সাধারণ মানুষকে দেওঘরের এইমসের উপর নির্ভর করতে হচ্ছে। এই পরিস্থিতি বদলাতে দুর্গাপুর ও আসানসোলের মাঝামাঝি এলাকায় একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। হাসপাতালটিতে বার্ন ইউনিট, শিশু চিকিৎসা ইউনিটসহ সমস্ত আধুনিক চিকিৎসা পরিষেবা থাকবে। এর পাশাপাশি ইসিএল ও সেলের অধীনে থাকা হাসপাতাল রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। মুখ্যসচিবের তরফে সেল কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব রাখা হয়েছে। বক্তার বক্তব্য, নতুন করে হাসপাতাল তৈরি করতে অন্তত ১৮ থেকে ২০ মাস সময় লাগবে।

Scroll to Top