৩৬৫ দিন। আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ ২০ টাকার ভুয়ো কয়েন বানিয়ে দেশ জুড়ে ছড়িয়ে দিয়েছে একটি চক্র। হরিয়ানা, দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড থেকে এই জালিয়াতির কারবার চালাত দলটি। পুলিশের হিসাব অনুযায়ী, ৭০ কোটি টাকারও বেশি মূল্যের ভুয়ো কয়েন ছড়িয়ে পড়েছে বাজারে। পুলিশ সূত্রে খবর, এক দল ব্যক্তি হরিয়ানার সোনিপত জেলায় বিগত ১০ মাস ধরে নাটবল্টু বানানোর আড়ালে এই ভুয়ো কয়েন বানাচ্ছিলেন। ১৩ সেপ্টেম্বর সহরানপুর থানার পুলিশ তাঁদের পাঁচ জনকে আটক করে। বাজেয়াপ্ত হয় ছ’টি বিরাট উৎপাদন যন্ত্র। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সোনিপতে পুলিশি অভিযানের আশঙ্কা ছিল। এক সঙ্গীকে দিল্লি পুলিশ আগেই গ্রেফতার করেছিল। তাই যন্ত্রপাতি নিয়ে তড়িঘড়ি উত্তরপ্রদেশে পালিয়ে যাচ্ছিলেন তাঁরা।কী ভাবে তাঁদের খুঁজে পেল পুলিশ? এক চরের মারফৎ তাঁদের অবস্থানের খবর মেলে। তিনি জানান, তিন জন সন্দেহজনক ব্যক্তি ৫০০ বর্গ ফুটের একটি জায়গা খুঁজছে। উদ্দেশ্য, উৎপাদনের জন্য ভারী যন্ত্রপাতি লাগানো। সেই সূত্র ধরে তীতরোঁ এলাকায় উপকার লুথরা ওরফে অভয়প্রতাপ সিংহকে, সাহরানপুর থেকে হিমাংশু ওরফে গুল্লুকে ও মুজফ্ফরনগর থেকে কূলদীপকে আটক করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, আরও দুই সঙ্গী সন্তোষ চৌরাসিয়া ওরফে জনার্দন ও অনুরাগ পাল ওরফে লঙ্কেশ কাছেই একটি মোড়ে গাড়ি নিয়ে তাঁদের জন্য অপেক্ষা করছেন।




