৩৬৫ দিন। আর কয়েক ঘন্টা পরেই ৬২ বছরে পা দিতে চলেছেন। তিনি আদতেই বলিউডের বেতাজ ‘বাদশা’ যে সেটা আবারও প্রমাণ করে দিলেন শাহরুখ খান। মুক্তির আগেই প্রায় ২০০ কোটির ব্যবসা করে ফেলল ‘কিং’। বিদেশের মাটিতে বিপুল টাকার বিনিময়ে কেনা হল শাহরুখ খানের কিংয়ের সত্ত্ব। আর এর সঙ্গেই নতুন রেকর্ড গড়ে ফেলল ভারতীয় সিনেমা।সূত্রের খবর, ‘কিং’ ছবির ওভারসিজ রাইট কিনেছে ফার্স ফিল্মস। এঁরাই বিদেশের মাটিতে ছবিটি বিক্রি করবেন। ছবির নির্মাতাদের থেকে ১৭৫ কোটি টাকায় অর্থাৎ ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে কিং ছবির ওভারসিজ সত্ত্ব কিনেছেন তাঁরা। এই ফার্স ফিল্মসই শাহরুখ খান অভিনীত ২০২৩ সালের দু’টো ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ডিস্ট্রিবিউট করেছিল। আর দু’টো ছবিই বক্স অফিসে ঝড় তুলেছিল। জাঁকিয়ে ব্যবসা করেছিল। এবার এটাই দেখার পালা, কিং বক্স অফিসে কী করে। বিদেশের মাটিতেও ছবির ডিস্ট্রিবিউট করার অভিজ্ঞতা রয়েছে ফার্স ফিল্মসের। অতীতে যশরাজ ফিল্মসের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছেন তাঁরা। এমনকী প্রভাস অভিনীত সাহুর বিদেশের মাটিতে বিক্রিও তাঁরাই দেখেছিলেন। তবে চমক অন্য জায়গায়। এতদিন কোনও ভারতীয় ছবির ওভারসিজ রাইট ১০০ কোটি টাকা টপকাতে পারেনি। সেখানে ‘কিং’ ছবিটির সত্ত্ব ১৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। ফলে এটার সঙ্গে ‘কিং’ মুক্তি পাওয়ার আগে একদিকে যেমন দারুণ ব্যবসা করল, তেমনই নজির গড়ল।
অনুমান করা হচ্ছে, যেখানে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’, ‘পাঠান’ বিদেশের বক্স অফিসে ৪০০ কোটি টাকার মতো ব্যবসা করেছে, সেখানে ‘কিং’-ও কম বেশি ৩৫০ কোটি টাকার মতো ব্যবসা করবেই। ‘কিং’ ছবিটির বিষয়ে বলতে গেলে, এই ছবিটিতে শাহরুখ খান ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াট, রাঘব জুয়াল, প্রমুখ। এই প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন ভাগ করবেন শাহরুখ খান। সুহানা ২০২৩ সালে ‘আর্চিজ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। কিন্তু বড়পর্দায় মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি হবে ‘কিং’। এই ছবির পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে ‘পাঠান’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সিদ্ধার্থ এবং শাহরুখ। ছবিটির প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। প্রসঙ্গত, ২০২৫ সালে শাহরুখ খানের জন্মদিনের দিন ২ নভেম্বর ছবিটির নাম ঘোষণা করা হয়। সেখানে তিনি অ্যাকশন হিরো অবতারে ধরা দেন, এবং লেখেন, ‘ভয় নই, আমি আতঙ্ক।’ এরপর এই বছরের গোড়ার দিকে ছবিটির মুক্তির দিন ঘোষণা করা হয়।
গানের চুক্তি
ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে শুরু হয়েছে নতুন জল্পনা। কারণ, পোস্টারে দেখা গিয়েছে দুই জনপ্রিয় সংগীত সংস্থা জি মিউজিক কোম্পানি এবং টি-সিরিজের লোগো। সাধারণত কোনও ছবির গানের স্বত্ব একটি সংগীত সংস্থার হাতে থাকে। সেখানে একই ছবির পোস্টারে দুই সংস্থার উপস্থিতি স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করেছে। তবে এই দুই সংস্থার একসঙ্গে যুক্ত হওয়ার নেপথ্যে রয়েছে বিশেষ চুক্তি।বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইডের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস আগেই বিপুল অর্থের বিনিময়ে ‘কিং’-এর গানের স্বত্ব কিনে নিয়েছিল জি মিউজিক কোম্পানি। এবার সেই সংগীত স্বত্বের বাণিজ্যিক ব্যবহারের জন্য টি-সিরিজের সঙ্গে একটি লাইসেন্স চুক্তি হয়েছে। নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে আগামী তিন বছর ছবির গান থেকে আয় এবং তার প্রচার ও বাণিজ্যিক প্রসারের দায়িত্ব থাকবে টি-সিরিজের হাতে। চুক্তির মেয়াদ শেষ হলে গানের স্বত্ব এবং পরবর্তী আয়ের অধিকার ফিরে যাবে জি মিউজিক কোম্পানির কাছে। গত ২৭ অক্টোবর, মঙ্গলবার ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশিত হয়। সেখানে দুই সংগীত সংস্থার লোগো থাকার কারণও এই বিশেষ চুক্তি। অর্থাৎ, ছবির গানের মূল স্বত্ব জি মিউজিকের হাতে থাকলেও, ভারতীয় সংগীত বাজারে টি-সিরিজের বিপুল বাণিজ্যিক পরিসর ও বিপণন ক্ষমতাকে কাজে লাগাতে চাইছে সংশ্লিষ্ট পক্ষ।এই চুক্তির বিশেষত্ব আরও একটি জায়গায়। ‘কিং’-এ কোনও পুরনো গানের রিমেক থাকছে না। সাধারণত পুরনো গানের স্বত্ব বিভিন্ন সংস্থার হাতে থাকলে একই ছবির সঙ্গে একাধিক সংগীত সংস্থা যুক্ত হতে পারে। সেই কারণেই ছবির পোস্টারে দুই সংস্থার লোগো দেখে অনেকের ধারণা হয়েছিল, সম্ভবত কোনও রিমেক গানের স্বত্ব নিয়ে এই সমীকরণ তৈরি হয়েছে। কিন্তু সেই জল্পনা ঠিক নয় বলেই দাবি প্রতিবেদনে।
বরং ছবির সংগীতকে ঘিরে বড়সড় পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ‘কিং’-এর অ্যালবামকে সাম্প্রতিক সময়ের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী মূলধারার হিন্দি ছবির সংগীত অ্যালবাম হিসেবে তুলে ধরার প্রস্তুতি চলছে। ছবির একাধিক গান বাণিজ্যিকভাবে বড় সাফল্য পেতে পারে বলে আশা করা হচ্ছে। শাহরুখ খানের ছবির গান বরাবরই দর্শক ও শ্রোতাদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে। এবার ‘কিং’-এর সংগীতকে ঘিরে জি মিউজিক ও টি-সিরিজের এই যৌথ উদ্যোগ সেই প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিল।
মুক্তির আগেই বিশ্বজুড়ে রেকর্ড
২০০ কোটির ব্যবসা করল ‘কিং’
- khabar365din
- October 31, 2026
- 5:07 pm
- No Comments






