গণবিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিরাপত্তা শঙ্কায় স্থগিত পিএসজি বনাম লিওঁ ম্যাচ

৩৬৫ দিন। ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার আঁচ এবার এসে পড়ল ক্রীড়াক্ষেত্রে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের কারণে নিরাপত্তা শঙ্কায় স্থগিত করা হয়েছে ফরাসি লিগ ওয়ানের বহুল প্রতীক্ষিত প্যারিস সেন্ট জার্মান বনাম অলিম্পিক লিওঁ ম্যাচ। রবিবার রাতে পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্যারিস পুলিশের নির্দেশে তা ২৪ ঘণ্টা পিছিয়ে সোমবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি লিগ কর্তৃপক্ষ।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং লাগামছাড়া জীবনযাত্রার খরচের প্রতিবাদে রাস্তায় নেমেছেন লাখ লাখ নাগরিক। ছাত্র সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলোর ডাকা মিছিলে উত্তাল হয়ে উঠেছে প্যারিসসহ একাধিক শহর। শান্তিপূর্ণ প্রতিবাদ দ্রুত রূপ নেয় সহিংসতায়।মার্সেই ও লিলের ফুটবল ক্লাবের অফিশিয়াল স্টোরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। সপ্তাহান্তে প্লেস দে লা বাস্তিল থেকে আরও বড় বিক্ষোভের কর্মসূচির ঘোষণায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
এমন থমথমে পরিস্থিতির মধ্যেই প্যারিসে এনএফএল (আমেরিকান ফুটবল লিগ)-এর পূর্বনির্ধারিত ম্যাচটি অতিরিক্ত পুলিশ ও বিশেষ ট্যাকটিক্যাল বাহিনীর নিরাপত্তায় অনুষ্ঠিত হচ্ছে। তবে লিগ ওয়ানের হাইভোল্টেজ দ্বৈরথটি ঝুঁকি এড়াতে পিছিয়ে দেওয়ার পথেই হেঁটেছে প্রশাসন। মাঠের লড়াইয়ের নিরিখে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে লিওঁ। খেতাবের লড়াইয়ের এমন উত্তেজনাকর ম্যাচ স্থগিত হওয়ায় স্বভাবতই হতাশ ফুটবলপ্রেমীরা।

Scroll to Top