সিপিএমের বুক স্টলে বুলডোজার চালানোর ঘটনায় তীব্র নিন্দা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের, নিন্দায় সরব শমীক ভট্টাচার্য ও জিষ্ণু বসু-ও
৩৬৫ দিন। বামেদের বুক স্টলে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই বিষয়টি সাধারণ মানুষের সামনে আমাদের মাথা নত করে দিয়েছে। এভাবেই যাদবপুরে সিপিএমের বইয়ের স্টলে বুলডোজার নিয়ে ভাঙতে যাওয়ার ঘটনা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বইয়ের স্টল ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত। সপ্তমীর রাতে যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ভাঙতে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি বুলডোজার নিয়ে সারা রাত ঝামেলার পাশাপাশি একের পর এক মণ্ডপ প্রাঙ্গণে বাম কর্মী-সমর্থকদের ওপর শারীরিক আক্রমণ ও স্টল ভাঙচুর করার অভিযোগে রাজ্য রাজনীতিতে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। এই আবহে নিজের দল বা সরকারের অবস্থানের কথা না ভেবেই গোটা ঘটনার তীব্র নিন্দা জানালেন অর্থমন্ত্রী।
বিজেপি অথবা দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলির সঙ্গে সিপিএম বা বামপন্থীদের মতাদর্শগত বিরোধ থাকলেও সেই আক্রমণ যেন কখনো বইয়ের স্টল ভাঙচুরের মাধ্যমে প্রকাশিত না হয় সেই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, কারা হামলা চালালো? কে তাদের এই হামলা চালানোর অধিকার দিয়েছে? একটি ঘটনা ঘটলে না হয় বিচ্ছিন্ন বলা যেত, কিন্তু তিন-চারটি জায়গায় একই ধরনের ঘটনা ঘটেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বামপন্থীদের ভাবাদর্শের সাথে আমাদের নৈতিক বিবাদ থাকতেই পারে, কিন্তু তা বলে বই বিক্রি করতে দেব না, এটা বলার অধিকার কাদের রয়েছে? এই ধরনের ঘটনা সত্যিই নিন্দনীয়, আমি লজ্জিত!
পাশাপাশি যাদবপুর থেকে শুরু করে জলপাইগুড়ি অথবা হাওড়ার শিবপুর থেকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পর্যন্ত প্রায় সর্বত্র সিপিএম তথা বামপন্থী দলগুলির দেওয়া বইয়ের স্টল ভাঙচুরের জন্য যখন বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে বামেরা তার প্রেক্ষিতে স্বপন দাশগুপ্ত বলেন, আমাদের নামে এগুলো করছে কে? কে সাহস দিয়েছে তাঁদের?
যদিও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এভাবে বইয়ের স্টল ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানালেও সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ বলেন, সবটাই শুরু হয়েছিল বিধানসভার ভিতর থেকে। আজ থেকে এক মাস আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুজোয় বামেদের বুক স্টল করতে দেবেন না। স্বপন দাশগুপ্ত তো তখন বিধানসভায় বসেছিলেন। তখন উঠে দাঁড়িয়ে কেন প্রতিবাদ করেননি, কেন বিরোধিতা করেননি?
তীব্র প্রতিবাদ শমীক ভট্টাচার্যের
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এভাবে বিরোধী সিপিএমের বইয়ের স্টল ভেঙে দেওয়ার রাজনীতির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বুলডোজার নিয়ে চলে যাচ্ছে, এটাকে সমর্থন করব এটা কল্পনা করাও পাপ। এ ধরনের ঘটনার সঙ্গে কোনও বিজেপি কর্মী যদি যুক্ত থাকে, আমরা তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেব ।
তীব্র নিন্দা আরএসএস নেতা জিষ্ণু বসুর
এইভাবে বুলডোজার চালিয়ে বইয়ের স্টল ভাঙ্গার মানসিকতার তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা জিষ্ণু বসু। জিষ্ণু বসু বলেন, কারও বুকস্টল বন্ধ করার মধ্যে কোনও পৌরুষ নেই। ক্ষমতার দম্ভ নিয়ে যারা বিরোধীকে অত্যাচার করে তারা কাপুরুষ। যারা এরকম ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে অন্যের আদর্শকে বলার অধিকার দিচ্ছেন না, বুকস্টল করতে দিচ্ছেন না, বুকস্টল ভেঙে দিচ্ছেন তারা ভারতবর্ষকেও বোঝেননি। তারা হিন্দুদের নাম নেওয়ার যোগ্য নন। এটা হিন্দুত্বের বিরুদ্ধে, এটা হিন্দু ভাবনার বিরুদ্ধে। যাঁরা এ কাজ করছেন, তাঁরা প্রকারান্তরে একটা আদর্শবাদের একটা গভীর ক্ষতি করে যাচ্ছেন। সিপিএমের বুকস্টল, সিপিআই-এর বুকস্টল বা এসইউসিআই-র বুকস্টল তাদের করার অধিকার আছে।






