জাপানিগেটের ঘটনায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী ‘বিরিয়ানি বাপি’

৩৬৫ দিন। সুমন আদক। দাসনগর থানার অন্তর্গত বালটিকুরি জাপানিগেটের কাছে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে কুখ্যাত দুষ্কৃতী শেখ বিলাল হোসেন ওরফে ‘বিরিয়ানি বাপি’কে গ্রেফতার করল দাসনগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অস্ত্র আইনের জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। রবিবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। অভিযোগ, শনিবার রাতে বালটিকুরির জাপানিগেট সংলগ্ন এলাকায় গুলি চালিয়ে পালিয়ে যায় বিরিয়ানি বাপি। যদিও এই ঘটনায় কেউ জখম হননি। গুলি চালানোর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।
খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করলেও পরে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে দাসনগর থানার পুলিশ। রাতেই তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে, এই ঘটনায় বিজেপির পক্ষ থেকেও গুলি চালানোর অভিযোগ তোলা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা, আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল এবং এর পিছনে অন্য কারও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে।

Scroll to Top