ক্লাসরুমের বাইরে ফনা তুলেছে গোখরো, তুলকালাম ধূপগুড়ির প্রাথমিক স্কুলে

৩৬৫ দিন। প্রাথমিক স্কুলে গোখরো আতঙ্ক।‌ তুলকালাম বাঁধল ধূপগুড়িতে। বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বোড়াগাড়ি বিএফপি ১ প্রাথমিক বিদ্যালয়ে একটি ঘরে ক্লাস চলাকালিন আচমকা হিস হিস‌ শব্দ শুনে সন্দেহ হয় শিক্ষকের।‌ ক্লাস ঘরের বাইরে বিষয়টি কি দেখতে বেরতেই তার চোখ কপালে ওঠে। তিনি দেখেন ক্লাস ঘরের ঠিক বাইরে ফনা তুলে দাঁড়িয়ে আছে বিশালাকার এক গোখরো সাপ। শিক্ষকের পিছু পিছু বাইরে এসে ছোবল‌ তোলা গোখরো দেখে হৈ চৈ শুরু করে দেয় কয়েকজন ছাত্র। এর ফলে স্কুল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিপাকে পড়েন স্কুলের শিক্ষক ও কর্মীরা।‌ ছাত্র ছাত্রীদের ঘরে ঢুকিয়ে তারা নিজেরাই প্রথমে ঠিক করেন সাপটিকে স্কুল‌ থেকে তাড়িয়ে দেবেন। যদিও সাপের বিশাল‌ বপু দেখে আর ঝুঁকি নেননি তারা।‌ খবর দেওয়া‌ হয় বনদফতরে।‌ কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বনদফতরের লোক আসতে সময় লাগবে। তার মধ্যে ওই সাপ যদি একবার স্কুলের কোনো ঘরে ঢুকে পড়ে তাহলে ব্যাপক বিপদ‌ হতে পারে তাই খবর দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। তাদের প্রায় দু’ঘন্টার চেষ্টায় ধরা পড়ে গোখরো।‌সেটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। বনদফতর সূত্রে জানা যাচ্ছে সাপটিকে একদিন পর্যবেক্ষণে রেখে কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে বর্ষার শেষে গোখরোর বাড়িতে ঢুকে পড়া অস্বাভাবিক নয় বলছে তারা।‌ তবে স্কুল কর্তৃপক্ষকে তাদের পরামর্শ‌ সাপের আনাগোনা রুখতে কার্বোলিক অ্যাসিড নিয়মিত ছড়াতে হবে। তা না হলে বিপদ ঘটতে পারে।

Scroll to Top