আজ শুরু আইএফএ শিল্ড, ডেকানের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত মোহনবাগান

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। কলকাতা লিগ শেষ হতেই ঢাকে কাঠি পড়ল শতাব্দীপ্রাচীন আইএফএ শিল্ডের। কলকাতার তিন প্রধান ক্লাবের এক প্রধান ক্লাব মহমেডান এসসি জানিয়েছিল, তারা এবার শিল্ড বয়কট করছে। তাদের অভিযোগ, কলকাতা লিগের শেষ ম্যাচে অন্যায় ভাবে জিতেছে মোহনবাগান এসজি। তাই তারা প্রতিবাদে খেলবে না শিল্ড। মহমেডান সরে যাওয়ার পরেই আইএফএ শিল্ডের সূচি প্রকাশ করে দিল আইএফএ। মোট ৬টি ক্লাব খেলছে এই বছরের আইএফএ শিল্ড। গ্ৰুপ ১-এ আছে মোহনবাগান এসজি, শ্রীনিধি ডেকান, নর্থইস্ট ইউনাইটেড ও গ্ৰুপ ২তে আছে ইস্টবেঙ্গল, কলকাতা কাস্টমস ও পাঞ্জাব এফসি। মহমেডান এসসির বদলে খেলবে কলকাতা কাস্টমস। ২৩ সেপ্টেম্বর নিজেদের ক্লাবের মাঠে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। পরের দিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর কলকাতা কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। ২৯ সেপ্টেম্বর নিজেদের মাঠেই খেলতে নামবে মোহনবাগান এসজি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। ৩০ সেপ্টেম্বর গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসি নামবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। দুই ক্লাবই নিজেদের সব ম্যাচ খেলবে নিজেদের মাঠে। গ্ৰুপ পর্বের সব ম্যাচ শুরু হবে বিকাল ৩টে নাগাদ। মোট ৬ দল, সেখান থেকে সেমিফাইনাল খেলবে ৪ দল। ৪ অক্টোবর একই দিনে হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচগুলির ভেন্যু ও সময় এখনও জানানো হয়নি। দুই সেমি ফাইনালের জয়ীরা খেলবে ফাইনাল। ফাইনালের তারিখ, ভেন্যু, সময় কিছুই বলেনি আইএফএ। গ্ৰুপ পর্বে দেখা হবে না দুই প্রধানের। সূত্রের খবর, ইস্টবেঙ্গল দলের হেডকোচ হাবাস চান না আইএফএ শিল্ডের জন্য পূর্ণশক্তির দল নামাতে। তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-কে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই খুব সম্ভবত, কলকাতা লিগে এই বছর খেলা অনেক ফুটবলারকে আইএফএ শিল্ডে খেলতে দেখা যেতে পারে। আজ বুধবার মোহনবাগান মাঠে ডেকানের বিরুদ্ধে মোহনবাগানের লড়াইটা যে সহজ হবে না সেটা বলার অপেক্ষা রাখে না। এই দলটায় রয়েছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রীতম এবং প্রণয়। এছাড়া পাঁচ জন বিদেশি আছে। দৌড়াতে পারে দলটা। এই ম্যাচে মোহনবাগান পাবেনা তাদের বিদেশি মিডফিল্ডার সামির জেলকোভিচকে। মঙ্গলবারেও তিনি এবং আশীষ রাই দলের থেকে আলাদা অনুশীলন করলেন। জাতীয় দলে চলে যাওয়ার কারণে খেলতে পারবেন না সামাদ, অপুইয়া, মনবীর। মোহনবাগান সম্ভবত ৪ জন বিদেশি নিয়ে শুরু করবে ম্যাচটা। পরে নামানো হতে পারে স্কটিশ স্ট্রাইকার লি এরউইনকে। তবে সেটা নির্ভর করছে ম্যাচের পরিস্থিতি কি থাকে তার ওপর। দুটো প্রান্ত দিয়ে কোলাসো এবং চাংতে আক্রমণ তৈরি করবেন। মাঝখানে নিয়ন্ত্রণ করার দায়িত্ব থাকবে দীপক এবং অভিষেক সূর্যবংশীর ওপর। হাতে থাকবেন সন্দীপ মালিক। ডিফেন্সে আলবার্তো, রাহুল, শুভাশিস, রাজ। থাকবেন ব্রাজিলিয়ান মিগুয়েল। এখন তিনি কোমরের ব্যথা কাটিয়ে সম্পূর্ণ সুস্থ। ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসার পর দুটো ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান। সেরা ছন্দে পাওয়া যায়নি তাকে। তবে তার ওপর বিশ্বাস রয়েছে কোচ এবং ম্যানেজমেন্টের। শ্রীনিধির বিপক্ষে মিগুয়েল কিরকম পারফরম্যান্স করেন তার ওপর অনেকটাই নির্ভর করবে মোহনবাগানের ভাগ্য। ডেকানের বিপক্ষে নামার আগে দেখা গেল বাগানের গ্রিক কোচ সেট পিস অনুশীলন করালেন গোটা দলকে। সেটা কখনও ডিফেন্সিভ আবার কখনও গোল তুলে নেওয়ার ক্ষেত্রে কিভাবে বিপক্ষ বক্সে হামলা চালাবেন ফুটবলাররা সেটা হাতেনাতে দেখালেন পানোস। ম্যাচ শুরু হবে দুপুর তিনটে। তার ১৫ মিনিট আগে মোহনবাগান দলের হাতে কলকাতা লিগ ট্রফি তুলে দেওয়া হবে। মাথায় রাখতে হবে গতবার ইস্টবেঙ্গলকে ফাইনালে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। এবারও তারা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।

Scroll to Top