ভারত – ১৬
শ্রীলংকা – ১
৩৬৫ দিন।রোহন রায় চৌধুরী।মঙ্গলবার জাপানের নাগোয়াতে আরও একবার ভারতীয় পুরুষ হকি দলের ঝড় দেখা গেল। দুদিন আগে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৩-১ জিতেছিল ভারত। আর আজ দুপুরে প্রতিবেশী শ্রীলংকার বিরুদ্ধে ব্যবধানটা হল ১৬-১। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে সরাসরি অলিম্পিকসে জায়গা করে নেবে ভারত। সেটাই যে এই ভারতীয় দলের প্রধান টার্গেট বলার দরকার পড়ে না। দল হিসেবে লঙ্কা হকিতে ভারতের সামনে চুনোপুটি সেটা সকলেরই জানা ছিল। ভারত জিতবে সেটাও জানা ছিল। প্রশ্নটা ছিল ব্যবধান কত গোলের হবে? ম্যাচ যত এগোতে লাগল কমলা জার্সি পড়া ভারতীয় তারকাদের গতি, স্কিল এবং খেলা নিয়ন্ত্রণ করার দক্ষতার কাছে হারিয়ে গেল শ্রীলংকা। ভারতের চাপ এতটাই ছিল গোটা শ্রীলংকা দলটা মাত্র দুজনকে ছেড়ে সবাই মিলে ডিফেন্স করছিল লজ্জা বাঁচাতে। কিন্তু যুগরাজ, বিবেক, মনদীপ, হরমন, অভিষেকদের আক্রমণের চাপের কাছে লঙ্কা উড়ে গেল খড়কুটোর মত। শেষ দিকে ভারতের ডিফেন্সিভ ভুলে একটা গোল করে গেল শ্রীলংকা। কিন্তু ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ণয় হয়ে গিয়েছে। ভারতের হয়ে এদিন ৪ গোল করেছেন জুগরাজ সিং। অভিষেক এবং দিলপ্রীতও হ্যাটট্রিক করেন। বাকি গোল করেন সুখজিত এবং মনপ্রীত।
তবে ভারতের আসল পরীক্ষা ২৪ তারিখ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। তার দুদিন পর ভারতকে সামলাতে হবে জাপানের চ্যালেঞ্জ। মনে রাখতে হবে নিজেদের ঘরের মাঠে খেলবে জাপান। ফলে সমর্থন থাকবে তাদের পক্ষে। জাপান শেষ কয়েক বছর দারুন উন্নতি করেছে। কিন্তু মুখোমুখি ফলাফল দেখলে এখনও এগিয়ে ভারত। তবে এই ধরনের কঠিন ম্যাচে পরিসংখ্যান খুব একটা গুরুত্ব রাখে না। জাপান প্রচন্ড গতিশীল এবং ফিট দল। দক্ষিণ কোরিয়াও তাই। তবে দুটো ম্যাচ বড় ব্যবধানে জিতে থাকার কারণে মানসিক দিক থেকে ভারত অনেক হালকা হয়ে নামতে পারবে বলা যায়। আজ লঙ্কাকে হারানোর পর ভারতের কোচ ক্রেগ ফুলটন বলেন দুটো ম্যাচ বড় ব্যবধানে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ঠিক কথা। কিন্তু ইন্দোনেশিয়া, শ্রীলংকা আর জাপান এবং কোরিয়া এক প্রতিপক্ষ নয়। ভারতের খেলা ১০০ শতাংশ নিখুঁত হচ্ছে বলে দাবি করেননি কোচ। তার কথায় ভারতের ৭০% যোগ্যতা দেখা গেছে দুটো ম্যাচে। পরের দুটো ম্যাচে কম করে আরও ২০ শতাংশ নিজেদের মান বাড়াতে হবে। তবেই সম্ভব হবে অলিম্পিকের টিকিট। সাম্প্রতিক সময় ভারত কোরিয়া এবং জাপানের বিরুদ্ধে খেলেছে। ফলে তাদের খেলার স্টাইল সম্পর্কে ওয়াকিবহাল টিম ইন্ডিয়া। বিপক্ষ দল যত কম সম্ভব যেন পেনাল্টি কর্নার পায় সেদিকে নজর রাখতে হবে বলছেন ভারতীয় কোচ।




