প্রেমিকার ওপর রাগ করে হবু শ্বশুরবাড়িতে আগুন

৩৬৫ দিন। প্রেমিকার ওপর রাগ করে হবু শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দিল এক ব্যক্তি! আলিপুরদুয়ারের ৭ নং ওয়ার্ডের সুকান্তনগরের ঘটনায় চাঞ্চল্য। দমকলের ২ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিভলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ি। আংশিক দগ্ধ হয়েছেন‌ প্রেমিকার বাবা নরেশ ঘোষ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাতে দমকলে ফোন করে জানানো হয় আগুন লাগার কথা।‌ দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। পুলিশ‌ ঘটনাস্থলে তদন্তে গেলে তাদের কাছে অভিযোগ জানানো হয় ওই বাড়ির মেয়ে মঞ্জু ঘোষের সঙ্গে অনিলকুমার সরকার নামে এক ব্যক্তির সম্পর্ক ছিল কিন্তু কোনও কারণে মঞ্জু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছে চাইছিল। এই নিয়ে অনিলের সঙ্গে তার বেশ‌ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। মঞ্জুকে খুনের হুমকিও দিয়েছিল সে। তাদের দাবি, অনিল-ই বিশ্বকর্মা পুজোর দিন রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয় যাতে মঞ্জু সহ পরিবারের সকলে পুড়ে মারা যায়। পুলিশ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে। অনিলকুমার সরকার নামে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তার খোঁজে তল্লাশি চলছে। তবে সে-ই আগুন লাগিয়েছে কি না বা লাগালে কি ভাবে আগুন সে লাগালো তা এখনো স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে আগুন লাগার কারণ জানতে দমকল এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে অভিযুক্ত অনিলকে ধরা সম্ভব হলে তদন্ত অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Scroll to Top