গুগল ম্যাপ দেখে বাইক চালিয়ে খাদে, সাময়িক স্মৃতি লোপ

৩৬৫ দিন। শুক্রবার সন্ধ্যেয় বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন কাঁকসার বাসিন্দা পেশায় কেবল অপারেটর প্রসূন ব্যানার্জী। যাবেন পান্ডবেশ্বর। রাস্তা ভালো চেনেন না। তাই বাইকের সামনে মোবাইল স্ট্যান্ডে মোবাইল রেখে খুলে নিয়েছিলেন গুগল ম্যাপ। তা দেখেই বাইক চালাচ্ছিলেন। আচমকা প্রবল ঝাঁকুনি অনুভব করে বাইক থামানোর চেষ্টা করেন প্রসূন কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। প্রসূন বুঝতে পারেন তার বাইকের চাকা আর মাটিতে নেই বাইক সমেত তিনি শূণ্যে উড়ছেন যেন এক মুহূর্ত তার পর গিয়ে পড়েন ইসিএলের কয়লা খাদানের অগভীর খাদে। পড়েই জ্ঞান হারান।
এদিকে মাঝ রাত পেরিয়ে গেলেন প্রসূন না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজ না মেলায় পুলিশে জানানো হয়। গোটা রাত ধরে বিস্তর খোঁজাখুঁজির পর মোবাইল লোকেশন ট্রাক করে পুলিশ‌ জানতে পারে পান্ডবেশ্বরের হরিপুরের পুরনো ভাটমুড়া এলাকায় লোকেশন দেখাচ্ছে।‌ ভোর বেলা সেখানে অভিযান চালায় পান্ডবেশ্বর থানার পুলিশ। প্রথমে রাস্তার ওপর কাউকেই পাওয়া যায়নি।‌ পরে পুলিশের সন্দেহ হয় ওই এলাকায় রাস্তার ওপরে ইসিএলের যে সব কয়লা খাদান রয়েছে তার গর্তে পড়ে গিয়ে থাকতে পারেন প্রসূন। সে ররম-ই একটি খাদ থেকে প্রসূনকে উদ্ধার করে পুলিশ।‌ এক পুলিশকর্মী জানান, প্রসূন কাউকেই চিনতে পারছিলেন না। ভালো করে‌ কথাও বলতে পারছিলেন না। নিজের নাম পরিচয় জিজ্ঞেস করা হলে তাও বলতে পারেননি। মনে হচ্ছে তিনি সাময়িক ভাবে স্মৃতিশক্তি হারিয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা‌ হয়েছে। ট্রমার মধ্যে থাকায় এখন-ই পুলিশ‌ তার সঙ্গে কথা বলতে পারেনি। যতটুকু জানা গিয়েছে তাতে পুলিশের অনুমান গুগল ম্যাপের লোকেশনে গন্ডোগোলেই এই বিপত্তি। প্রসূন খাদে পড়ার পরেও তার ফোনে গুগল ম্যাপ খোলা ছিল তাতে তখন-ই দেখাচ্ছিল ‘গো স্ট্রেট’। তাহলে কি সত্যিই গুগল ম্যাপ নেভিগেটরে ভুল ছিল? ইসিএল বলছে, যেখানে প্রসূন খাদে পড়েছেন সেটি তারা খোঁড়েনি। ওই গর্ত ধস জনিত কারণে হয়েছে। কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে তার জেরেই সম্ভবত রাস্তার একাংশ ধসে গিয়ে গর্ত হয়েছিল।‌ এই তথ্য অবশ্য-ই গুগলের কাছে ছিল না। সেখানে তখন-ও তাই রাস্তার অস্তিত্ব দেখাচ্ছিল। যা দেখে বাইক চালাতে গিয়ে ওই খাদে বাইক নিয়ে পড়েন প্রসূন।

Scroll to Top