৩৬৫ দিন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের বিমান পরিষেবা শুরু হতে চলেছে মালদা বিমানবন্দরে। রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের আঞ্চলিক বিমান যোগাযোগ প্রকল্প ‘উড়ান’-এর আওতায় মালদা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালুর প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার বিমানবন্দর পরিদর্শন করে পরিকাঠামো খতিয়ে দেখেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি, সঙ্গে ছিলেন মালদার এডিএম সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পরিষেবা চালুর আগে রানওয়ে, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখা হয়। এদিন বিমানবন্দর পরিদর্শনের পরে বিধায়ক অম্লান ভাদুরি বলেন, “মালদা বিমানবন্দর যেন দ্রুত চালু করা যায়, তার সমস্ত কাজ চলছে। পরিবহন দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক হয়েছে। খুব তাড়াতাড়ি বিমানবন্দর চালু হবে।”
রানওয়ে সম্প্রসারণে উদ্যোগ
চলতি বছরের জুলাই মাসে মালদা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য নতুন করে সমীক্ষা শুরু হয়। রিপোর্ট অনুযায়ী, বর্তমান প্রায় ১,৩৫০ মিটার দীর্ঘ রানওয়েকে আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।
অর্থনীতি ও পর্যটনে বড় প্রভাবের আশা
মালদা বিমানবন্দর চালু হলে কলকাতা-সহ দেশের অন্যান্য শহরের সঙ্গে মালদার যোগাযোগ অনেক সহজ হবে। ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এর উল্লেখযোগ্য প্রভাব পরবে। বিশেষ করে মালদার আম, রেশম ও অন্যান্য কৃষিজ পণ্য দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও বিমান যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।তবে পুজোর আগেই নিয়মিত বিমান পরিষেবা শুরু হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সরকারি ঘোষণা বা নির্দিষ্ট ফ্লাইট সূচি প্রকাশিত হয়নি।
১৯৮২ সালে মালদা বিমানবন্দর চালু হয়েছিল। কিন্তু মাসখানেক পরিষেবা শুরুর পরেই তা বন্ধ হয়ে যায়। এখন হেলিকপ্টার পরিষেবা চালু রয়েছে। এই বিমানবন্দর চালু থাকলে রাজ্যের যাত্রী পরিবহনে বিশেষ সুবিধা হবে বলেই মত বিশেষজ্ঞ মহলের।
পুজোর আগে ফের চালু হতে চলেছে মালদা বিমানবন্দর, কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পে পরিষেবা শুরুর উদ্যোগ,
প্রশাসনিক বৈঠকে রাজ্য
- khabar365din
- September 2, 2026
- 7:39 pm
- No Comments



