পড়ুয়া স্বাস্থ্যের সচেতনতার লক্ষ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত, সরকার পোষিত স্কুলগুলোকে নেশামুক্ত পোর্টালে যুক্ত হওয়ার নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দপ্তরের

৩৬৫ দিন। পড়ুয়া স্বাস্থ্যের সচেতনতার লক্ষ্যে এবার নেশামুক্ত পোর্টালে রাজ্যের সমস্ত সরকারি সাহায্য প্রাপ্ত, সরকার পোষিত স্কুলগুলোকে যুক্ত হওয়ার নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে,এন সিও আর ডি র দশম অ্যাপেক্স  মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত অনুসারে, রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক স্কুলগুলোকে নেশামুক্ত পরিবেশ গড়ে তুলতে যুক্ত হতে হবে পোর্টালে, করতে হবে রেজিষ্ট্রেশন।সব প্রধান শিক্ষক, শিক্ষিকা ও পরিচালন সমিতির প্রধানদের এই নির্দেশিকা মেনে এন এম ভি পোর্টালে সংযুক্ত থাকার জন্য বলা হয়েছে। উদ্দেশ্যে একটাই, শিক্ষাঙ্গনে যাতে নেশার সামগ্রী সম্পর্কে পড়ুয়ারা সচেতন থাকে। একইসঙ্গে স্কুল চত্ত্বরে নেশা সেবনের বদ অভ্যাস বন্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নজরদারি বাড়ানোর কথা উল্লেখ রয়েছে।এই বিষয়ে শিক্ষক সংগঠনের তরফে স্বপন মণ্ডলের স্পষ্ট বক্তব্য, স্কুলের কাছাকাছি জায়গায় যেন কোনোভাবেই নেশাজাতীয় সামগ্রী বিক্রি না হয়,তা দেখতে হবে প্রশাসনকে। বলা আছে, স্কুলের ১০০মিটারের মধ্যে কোনো নেশা জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না।অথচ দেখা যায়, স্কুলের উল্টোদিকে দিব্যি বিক্রি হচ্ছে বিড়ি, সিগারেট,গুটখার মতো ক্ষতিকারক জিনিস। যেখানে এই নেশার জিনিস তৈরি হচ্ছে, যেখান থেকে এই নেশার সামগ্রী আসছে, সেখানে বাড়াতে হবে নজরদারি।এই কাজ  না করা হলে কিছু হবে না, নেশামুক্ত পোর্টালে স্কুল গুলো যুক্ত হলেও ছবিটা বদলাবে না।

Scroll to Top