ভরদুপুরে ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা!

৩৬৫ দিন।কাঁথিতে ভরদুপুরে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে জুনপুট কোস্টাল থানার নয়াপুট এলাকার ভারতীয় স্টেট ব্যাংকের শাখায়। স্থানীয় সূত্রের খবর, বুধবার ভরদুপুরে প্রায় ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাতদল ব্যাংকের ভিতরে ঢোকে। অভিযোগ, এরপর ব্যাংকের এক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ভল্ট খুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। তবে আতঙ্কিত না হয়ে ভল্ট খুলতে অস্বীকার করেন ওই ব্যাংক কর্মী। শেষ পর্যন্ত ভল্ট খুলতে না পেরে ডাকাতরা ওই ব্যাংক কর্মীর মোবাইল ফোন এবং সোনার সামগ্রী ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার সময় ব্যাংকের ভিতরে প্রায় ১৫ থেকে ২০ জন গ্রাহক উপস্থিত ছিলেন। বন্দুক নিয়ে ডাকাতদের তাণ্ডবে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাংকের ভিতরে। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ডাকাতদলের গতিবিধি এবং তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে কাঁথির নয়াপুট এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি উঠেছে এলাকায়।

Scroll to Top