৩৬৫ দিন। অমাবস্যার ভরা কোটালে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে নদী বাঁধে ধাক্কা মারল সিঙ্গাপুর থেকে আসা কন্টেনার বোঝাই জাহাজ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সিঙ্গাপুর থেকে কন্টেনার বোঝাই জাহাজ ‘নাওতাভুম’ কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল। আচমকা ডায়মন্ড হারবারের নুরপুর ফেরিঘাটের কাছে এসে সেটি নিয়ন্ত্রণ হারায়। ক্রমশ সেটি ফেরিঘাটের দিকে এগিয়ে আসতে থাকে। সকালের ব্যস্ত সময়ে সেখানে তখন যথেষ্ট ভিড় ছিল। ফলে সরাসরি জাহাজ এসে ফেরিঘাটে ধাক্কা মারলে মারাত্মক ঘটনা ঘটতে পারতো। বরাত জোরে সেটি ফেরিঘাটে ধাক্কা না মেরে পল্টনের পাশে নদীবাঁধে ধাক্কা মারে। ধাক্কার চোটে নদী বাঁধে একাধিক জায়গায় ফাটল ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং বিপর্যয় রক্ষা বাহিনী। কলকাতা বন্দর থেকেও উদ্ধারকারী দল আসে। যদিও শেষ পাওয়া খবরে বুধবার রাত পর্যন্ত জাহাজটিকে সরানো যায়নি। এদিকে, জাহাজ নদীর বাঁধে ধাক্কা মারার ফলে দুটি সমস্যা তৈরী হয়েছে। প্রথম,ভরা বর্ষায় নদী বাঁধে ফাটল ধরেছে। সেই ফাটল যদি মেরামত করা না যায় তাহলে বিপর্যয় অপেক্ষা করে আছে। বৃষ্টির জেরে নদীতে জল বাড়লে বাঁধ ভেঙে জল ঢুকবে লোকালয়ে। দ্বিতীয়ত, নুরপুর থেকে কুঁকড়াহাটি, গেঁওখালি ও গাদিয়াড়ার মধ্যে প্রতিদিন হাজার হাজার যাত্রী লঞ্চে যাতায়াত করেন। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নুরপুর ফেরিঘাট বন্ধ রাখা হয়। সূত্রের খবর জাহাজ না সরানো পর্যন্ত পুরোদমে ফেরি চালু হচ্ছে না ফলে বিপাকে পড়েছেন লঞ্চঘাট ব্যবহারকারী নিত্যযাত্রীরা।
অমাবস্যার ভরা কোটালে বিপত্তি!
নিয়ন্ত্রণ হারিয়ে নদী বাঁধে ধাক্কা মারল সিঙ্গাপুর থেকে আসা জাহাজ ‘নাওতাভুম’!
- khabar365din
- August 12, 2026
- 4:59 pm
- No Comments





